বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে মৃত্যু-হুমকি পেলেন বিজেপি সাংসদ-অভিনেতা রবি কিশান। এক্স হ্যান্ডলে-এ নিজেই জানিয়েছেন সে কথা।
জানা গেছে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাকি তার বক্তৃতায় আপত্তি। তিনি ফোনে সাংসদ-অভিনেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন। এরপরেই তিনি গোরক্ষপুরের রামগড় তাল থানায় লিখিত অভিযোগ জানান।
রবি কিশানকে সমর্থন করেছেন গোরক্ষপুরের এসপি অভিনব ত্যাগী। তার কথায়, “রামগড় তাল থানায় সাংসদ-অভিনেতা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ অনুযায়ী, নির্বাচনী প্রচারে গিয়ে মৃত্যু-হুমকি পেয়েছেন অভিনেতা। তার ধর্ম, পরিবার নিয়ে অশালীন ভাষায় আক্রমণও করা হয় বলে অভিযোগ করা হয়েছে।”
সংবাদমাধ্যমের কাছে বক্তব্য জানানোর আগে সমাজমাধ্যমে বার্তা দেন সাংসদ-অভিনেতা। তিনি লেখেন, “সম্প্রতি ফোনে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমার মা, আমার পরিবার নিস্তার পাননি। তাদের সম্পর্কেও অশ্লীল মন্তব্য করা হয়েছে। আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রীরামের বিরুদ্ধে আপত্তিকর কথা বলা হয়েছে।” যা তিনি মেনে নিতে পারছেন না।
তার মতে, “এটি কেবল আমার ব্যক্তিগত মর্যাদার উপরেই সরাসরি আক্রমণ নয়, আমাদের বিশ্বাস এবং ভারতীয় সংস্কৃতির মূলে কুঠারাঘাত। এই ধরনের কাজ সমাজে ঘৃণা এবং অরাজকতা ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।”
তিনি যে এই ধরনের হুমকিতে ভয় পান না এবং কারও কাছে মাথা নতও করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।- ইন্ডিয়ান এক্সপ্রেস








