মাত্র ৩০-এই চলে গেলেন ভোজপুরি ছবির জনপ্রিয় অভিনেতা সুদীপ পাণ্ডে। সুদীপের পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার।
বুধবার সকাল ১১ টায় মুম্বাইয়ে অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। ইন্ডিয়ান ডটকম জানিয়েছে যে, ৩০ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তবে কেবল মাত্র অভিনেতা হিসেবে নয় প্রযোজক হিসেবেও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সক্রিয় কাজ করেছেন নায়ক।
তার আকস্মিক মৃত্যুতে ভোজপুরি বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। ভেঙে পড়েছেন তার প্রিয়জনেরা। মন খারাপ তার ভক্তদেরও। সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত লিখেছেন ‘আরআইপি… আপনার আত্মার শান্তি কামনা করি।’
আরেকজন লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলেন।’ তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও সুদীপের মৃত্যুর বিষয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
ভোজপুরি ছবি ‘ভোজপুরিয়া ভাইয়া’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন সুদীপ। অ্যাকশন তারকা হিসেবে খুব তাড়াতাড়ি সকলের মনজয় করে নেন। এক কথায় বলতে গেলে তিনি ছিলেন ভোজপুরি সিনে-প্রেমিদের হার্টথ্রব। তিনি ‘পেয়ার মে’, ‘বালওয়া’ এবং ‘ধরতি’ -এর মতো অসংখ্য ভোজপুরি ছবিতে কাজ করেছিলেন।
২০১৯ সালে তাঁকে হিন্দি ছবি ‘ভি ফর ভিক্টর’ এও দেখা যায়। সম্প্রতি ‘পারো পাটনা ওয়ালি’র দ্বিতীয় পর্বের শ্যুটিং শুরু করেছেন তিনি।- হিন্দুস্থান টাইমস







