চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল বেনফিকা। ওই ম্যাচ ১-০ গোলে হেরে গিয়েছিল পর্তুগালের ক্লাবটি। ঘরের মাঠে প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বর্ণবাদী আচরণ করেছিল বেনফিকার কিছু সমর্থক। তদন্ত করার পর পাঁচ সমর্থককে নিষিদ্ধ করেছে বেনফিকা কর্তৃপক্ষ।
পর্তুগিজ ক্লাবটি জানিয়েছে যে, তারা সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। ফলে তাদের স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। স্টেডিয়ামের আলোতে বেনফিকার কিছু সমর্থককে বানরের মত অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছিল।
এ ঘটনা নিয়ে বিবৃতিতে বেনফিকা বলেছে, ‘বেনফিকা জানাচ্ছে যে, শাস্তিমূলক ব্যবস্থা শুরু হওয়ার পর তারা পাঁচ সদস্যের সদস্যপদ স্থগিত করেছে। ক্লাবের আইন অনুসারে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয়েছে যার অর্থ বহিষ্কার।’
‘১৭ ফেব্রুয়ারি বেনফিকা-রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচের পর এবং ক্লাবের মূল্যবোধ ও নীতির সাথে অসঙ্গতিপূর্ণ বর্ণবাদী প্রকৃতির অনুপযুক্ত আচরণের পর অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। ক্লাব জানাচ্ছে যে, তারা কোনও ধরণের বৈষম্য বা বর্ণবাদ সহ্য করে না এবং কোনও আচরণ ক্লাবের মূল্যবোধকে ক্ষুণ্ন করলে তারা দৃঢ়ভাবে পদক্ষেপ নেবে।’
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র অভিযোগ করেন, বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি তার সাথে বর্ণবাদী আচরণ করেছেন। তার অভিযোগের পর রেফারি বর্ণবাদ বিরোধী প্রোটোকল চালু করেন খেলা প্রায় ১০ মিনিটের জন্য বন্ধ রাখা হয়েছিল।








