ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে দারুণ এক জয় পেয়েছে পর্তুগাল। বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে তারা। আরেক ম্যাচে জাম্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে মালি। দারুণ এ জয়ে পরবর্তী রাউন্ডে গেল আফ্রিকার দেশটি।
বেলজিয়াম-পর্তুগাল ম্যাচের সবগুলো গোল হয়েছে প্রথমার্ধে। ৩৮ মিনিটে আনিসো ক্যাবরাল প্রথম গোল করে পর্তুগালকে এগিয়ে নেন। প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
যোগ করা সময়ে আসে টুইস্ট। বিরতির ঠিক আগে নোয়া ফের্নান্দেজ একটি গোল করে বেলজিয়ামকে ম্যাচে ফেরান। বিরতির পর দুদল আর কোনো গোল করতে না পারায় জয় নিশ্চিত পরবর্তী রাউন্ডে উঠে পর্তুগাল। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ও মেক্সিকো ম্যাচে জয়ী দলের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হবে পর্তুগাল।
দ্বিতীয় রাউন্ডের অন্য ম্যাচে জাম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় পা রেখেছে মালি। এ ম্যাচে চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। মালির তিন গোল করেছেন রেমন্ড বাম্বা, সিউদু দেম্বেলে এবং লামিন কেইতা। জাম্বিয়ার একমাত্র গোলটি করেছেন ম্যাপালো সিমুট।








