‘ভুল’ স্বীকারেই পার পেয়েছেন সাকিব

Bangladeshi cricketer in blue uniform celebrating with bat after scoring runs in a cricket match. Channel i News – চ্যানেল আই নিউজ
অনলাইন বেটিং সাইটের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার পর সাকিব আল হাসানের কাঁধেই উঠেছে টি-টোয়েন্টি অধিনায়কত্বের ভার। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই অলরাউন্ডার নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। ক্রিকেট বোর্ডকে না জানিয়ে চুক্তি করার বিষয়টি থেকে গেল আড়ালেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি না নিয়ে চুক্তি করেই শৃঙ্খলা ভঙ্গ করেছেন সাকিব। কিন্তু তাকে আনা হয়নি শাস্তির আওতায়।
বার বার নিয়ম ভাঙার কারণে সংবাদের শিরোনাম হওয়া এমন একজন ক্রিকেটারকে কেন অধিনায়ক করা হলো- এমন প্রশ্নে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘এটা নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছেন। তার আসলে এটার সঙ্গে যুক্ত হওয়া ঠিক হয়নি। নিশ্চিতভাবে সাকিব আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। বোর্ডের আগের মিটিংয়ে সাকিবকে অধিনায়ক করার চিন্তা-ভাবনা ছিল। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই পরিকল্পনায় স্থির থাকবো।’
শনিবার বিকেলে সাকিবের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বোর্ড পরিচালকদের কয়েকজন ও নির্বাচক কমিটি।
গুলশানে বিসিবি সভাপতির বাসভবনে এই সভা শেষে জালাল ইউনুস আরও বলেন, ‘এখানে সভাপতি ছিলেন। সে বলেছে, কোনো ভুল কারণে একটা অনলাইন নিউজ মনে করে এনডোরসমেন্ট করেছিল। এটা ঠিক হয়নি। তাকে বুঝিয়ে বলার পর সে বলেছে, আমি সেখান থেকে সরে এসেছি। এটাই শেষ। যেহেতু সে আমাদের অনুমতি ছাড়া একটা চুক্তি করেছে। সে জিনিসটা আমরা আগে আলাপ করেছি এবং আমাদের পরবর্তী বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলাপ হবে।’
অধিনায়ক করার ব্যাখ্যায় তিনি বলেন, ‘যুক্তিটা তো বললাম, সাকিব আমাদের সেরা খেলোয়াড়। সে আমাদের বোর্ডের বা দেশের বাইরের কেউ না। সে যখন বলেছে, হি হ্যাড মেইড আ মিসটেক আমরা ধরে নিয়েছি পরবর্তীতে…তাকে বলা হয়েছে এই রকম ভুল যেন সে আর পুনরায় না করে এবং সেও আবার বলেছে, হ্যাঁ ঠিক আছে। সেখানে আমরা বিষয়টি শেষ করে দিয়েছি।’
‘সে বলেছে, সামনে এমন কোনো ভুল হবে না। সে আশ্বাস দিয়েছে আমাদের বোর্ড সভাপতির সামনে, আমরা সেটা মেনে নিয়েছি। বেস্ট প্লেয়ার হলেই, শৃঙ্খলা বা কোড অব কডাক্ট ভাঙলে আপোষ করা ঠিক না। দলের স্বার্থে… যেহেতু সে বলেছে সামনে এরকম কোনো সমস্যা হবে না আমরা আশা করি সামনে এটা আর সে রিপিট করবে না। এই চিন্তা মাথায় রেখে আমাদের এই সিদ্ধান্ত।’







