চট্টগ্রাম থেকে: বিপিএলের চলতি আসরে সিলেট পর্বে সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হার দেখেছিল ফরচুন বরিশাল। চট্টগ্রাম পর্বে ইতিমধ্যে দুম্যাচে দুটিতেই জিতেছে তামিম ইকবালের দল। চট্টগ্রামে নিজেদের শেষ ম্যাচেও জিতে ঢাকায় ফিরতে চায় গত আসরের চ্যাম্পিয়ন দলটি।
বন্দরনগরীতে বুধবার নিজেদের শেষ ম্যাচ খেলবে ফরচুন বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। আগেরদিন অনুশীলন শেষে লক্ষ্যের কথা জানান তাওহীদ হৃদয়।
টাইগার টপঅর্ডার ব্যাটার বলেন, ‘চিটাগংয়ে আমাদের শেষ ম্যাচ কালকে, গত ম্যাচে আমরা জিতেছি টিমের জন্য আশা করি সামনের ম্যাচেও আমরা এটা ধরে রাখবো।’
লিগপর্বের প্রায় শেষদিকে বিপিএল। দলগুলোর মধ্যে পয়েন্ট টেবিলের লড়াই চলছে। ৮ ম্যাচে সব জিতে ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। বরিশালের অবস্থাও ভালো। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে। বর্তমান চ্যাম্পিয়নদের বাকি এখনও ৫ ম্যাচ। প্লে-অফের দৌড়ে অনেকটা এগিয়ে তারা। সামনের ম্যাচগুলো জিতে ভালো অবস্থানে থেকে প্লে-অফে খেলতে চায় বরিশাল। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ তাওহীদ হৃদয়ের কাছে।
‘অবশ্যই প্রত্যেকটা ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই পয়েন্টের খেলা। আশা করছি যে, ভালো শেষ করে এখান থেকে আমরা যেতে পারবো। পারফরম্যান্স যদি আমরা চিন্তা করি, তাহলে ম্যাচ বাই ম্যাচ আগানোর চেষ্টা করছি। প্রত্যেকটা ম্যাচ নিয়ে ফোকাস করছি। ম্যাচ বাই ম্যাচ আগানোটাই ভালো হবে, যেহেতু সামনের দিকে আমাদের বড় বড় খেলা আসছে, সেমিফাইনাল (প্লে-অফ) খেলা আসবে। আশা করছি যে, ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করে আমরা সামনে দিকে আগাবো।’
ব্যাটিং-বোলিংয়ে ভালো করলেও আগের ম্যাচগুলোতে বরিশালের ফিল্ডিংয়ে ঘাটতি দেখা যায়। একাধিক ক্যাচ মিসের ঘটনা আছে। সেই ভুল কাটিয়ে সামনে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন জায়গাতেই ভালো করতে আশাবাদী বরিশাল।
‘দল হিসেবে আমরা দুটা না তিনটা ডিপার্টমেন্টেই ভালো কিছু করতে চাই- বোলিং,ব্যাটিং এবং ফিল্ডিং। এই তিনটা যেখানে আমাদের ভালো কিছু করার সুযোগ আছে এখনও। আশা করছি, এই তিন জায়গাতে শেষ ম্যাচগুলোতে যে ভুল ছিল সেগুলো থেকে আরও ভালোভাবে কামব্যাক করবো।’
তারকা নির্ভর বরিশাল গতবারের চ্যাম্পিয়ন। ফ্যানবেইজও অনেক বড়। এবারও দলটির প্রতি ভক্তদের প্রত্যাশা বেশি। হৃদয় ভক্তদের আশারবাণী শোনালেন। বললেন, ‘অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমাদের কাছে তো প্রত্যাশা বেশি থাকবে। আশা করছি আমরা এটা ধরে রাখবো। আমরা এভাবে চিন্তা না করে সকলে চাচ্ছি ম্যাচ বাই ম্যাচ কীভাবে ভালো করা যায়। যেদিন আছে আমাদের সামনে সেদিন আমরা ভালো করার চেষ্টা করবো।’








