চলতি মৌসুমে লা লিগায় নবম জয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কির হ্যাটট্রিকে সেল্টা ভিগোর মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে কাতালুনিয়ান ক্লাবটি। একই রাতে ড্র করা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান এখন তিন পয়েন্টের।
হ্যান্সি ফ্লিকের শিষ্যরা লা লিগার ১২তম ম্যাচে রোববার রাতে ৪-২ গোলে জিতেছে। বার্সার হয়ে আরেকটি গোল পেয়েছেন লামিন ইয়ামাল। ইংলিশ তারকা মার্কাস র্যাশফোর্ড গোল না পেলেও তিন গোলে রেখেছেন অবদান।
প্রথমার্ধের শুরুতে ১০ মিনিটে লেভান্ডোভস্কি স্পটকিক থেকে গোল করে বার্সাকে লিড এনে দেন। বর্তমান চ্যাম্পিয়নরা লিড নেয়ার এক মিনিট পর সার্জিও ক্যারিয়া বার্সার জালে বল পাঠান। ৩৭ মিনিটে আবারও গোল করে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন লেভা।
ছয় মিনিট পর বোর্জা গ্লেসিয়াস বার্সার জালে বল পাঠিয়ে সমতা ফেরান। ইয়ামাল প্রথমার্ধের যোগ করা সময়ে ভিগোর জালে বল পাঠিয়ে ফের বার্সাকে লিড এনে দেন। দুবার পিছিয়ে পড়া ভিগো আর ম্যাচে ফিরতে পারেনি।
৭৩ মিনিটে গোল করে মৌসুমের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন লেভা। বাকি সময় দুদলের কেউই আর গোল করতে পারেননি। যোগ করা অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডাচ তারকা ফ্রেঙ্কি ডি ইয়ং। ম্যাচে প্রায় ৬২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে পাঠায় বার্সেলোনা। সেল্টার ৫ শটের ৩টি লক্ষ্যে ছিল।
১২ ম্যাচে ৯ জয় ও এক ড্র নিয়ে ২৮ পয়েন্ট এখন বার্সার। লা লিগার টেবিলে দুইয়ে অবস্থান তাদের। সমান সংখ্যক ম্যাচ খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ। রোববার তারা রায়ো ভায়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।
আন্তর্জাতিক ফুটবল বিরতির পর আবারও মাঠে ফিরবে বার্সেলোনা। ২২ নভেম্বর ঘরের মাঠে অ্যাটলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে।








