চলতি মৌসুমে বার্সেলোনায় হয়ে আলো ছড়িয়েছেন রাফিনহা। পুরস্কারও পেয়ে গেলেন ব্রাজিলীয় তারকা। কাতালুনিয়ান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ দুবছর বাকি থাকলেও আগেভাগেই আরও একবছরের চুক্তি বেড়ে গেল তার। বার্সার জার্সিতে ২০২৮ পর্যন্ত দেখা যাবে ২৮ বর্ষী ফরোয়ার্ডকে।
আগের চুক্তি অনুযায়ী রাফিনহার মেয়াদ শেষ হতো ২০২৭ সালে, এবার ঘরোয়া ট্রেবল জিতে সেটা বাড়ালেন ২০২৮ সালের জুন পর্যন্ত। বার্সেলোনা অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতিতে জানিয়েছে, ‘বার্সেলোনা ও রাফিনহা চুক্তি নবায়নের জন্য একটি সমঝোতায় পৌঁছেছে, যা তাকে আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এই ক্লাবের সঙ্গে যুক্ত রাখবে।’
ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার রাফিনহা সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমে ৫৬ ম্যাচে ৩৪ গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৫টি। এরমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পেয়েছেন ১৩ গোল। তিনি আছেন মৌসুমে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে। যদিও রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টার মিলানের কাছে হেরে বার্সেলোনা সেমিফাইনাল থেকে ছিটকে গেছে। তবে চলতি মৌসুমে লা লিগা, কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ- অর্থাৎ ঘরোয়া ‘ট্রেবল’ জয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সায় এসে প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না রাফিনহা। চোট আর অধারাবাহিক ফর্ম মিলিয়ে সেরা একাদশেই জায়গা পেতে লড়ছিলেন। তাকে নিয়ে হতাশাও বাড়ছিল ক্রমে। তবে হ্যান্সি ফ্লিক কোচ হয়ে আসার পর আলো ছড়াতে থাকেন তিনি।
গত বুধবার কোচ হ্যান্সি ফ্লিকও নতুন চুক্তি স্বাক্ষর করেছেন বার্সার সঙ্গে। তিনি ক্যাম্প ন্যুর দলটিতে থাকবেন ২০২৭ সাল পর্যন্ত। আলোচনায় আছে, ১৭ বর্ষী তরুণ স্পেনিয়ার্ড তারকা লামিন ইয়ামালের সঙ্গেও হবে নতুন চুক্তি।








