এই খবরটি পডকাস্টে শুনুনঃ
একটি হার, তাতেই লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে পিছিয়ে পড়ল বার্সেলোনা। এক হারেই বারবার পালা বদল হচ্ছে শীর্ষের। ম্যাচে প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও পেনাল্টি মিস করেন লামিন ইয়ামাল। শেষে জিরোনার কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।
জিরোনার মাঠ এস্তাদি মন্টিলিভি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কাতালুনিয়ান দুই ক্লাব। বিরতিতে যাওয়ার আগে লিডের সুযোগ ছিল বার্সার। ৪৫ মিনিট শেষে যোগ করা প্রথম মিনিটে স্বাগতিকদের ডি-বক্সে দানি ওলমোকে ফাউল করেন ডেলি ব্লাইন্ড, পেনাল্টি পায় বার্সেলোনা। তৃতীয় মিনিটে সেই পেনাল্টি শট পোস্টের ডান বারে লাগান ইয়ামাল। সুযোগ হাতছাড়া করে গোলশূন্য সমতায় বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে এগিয়া যায় সফরকারীরা। হুলেস কৌন্ডের কর্নার থেকে হেডে গোল করেন পাউ কুবারসি। বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি বার্সা। ভ্লাদিস্লাভ ভানাতের অ্যাসিস্টে স্বাগতিকদের প্রথম গোল করেন থমাস লেমার। ম্যাচ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে লিড পায় জিরোনা। জোয়েল রোকার পাসে গোল করেন ফ্রান বেল্ট্রান। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে রোকার অবশ্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
হারে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ল বার্সেলোনা। ২৪ ম্যাচে ১৯ জয়, ১ ড্র ও ৪ হারে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কাতালান ক্লাবটি। সমান ম্যাচ খেলে সমান জয় ও ৩ ড্র, ২ হারে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচে ১৪ জয়, ৩ ড্র ও ৬ হারে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল। অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান চতুর্থ, ২৪ ম্যাচে ১৩ জয়, ৬ ড্র ও ৫ হারে তাদের পয়েন্টও ৪৫।








