লা-লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে লামিন ইয়ামালের হ্যাটট্রিকে সফরকারীদের ৪-১ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। তাতে টেবিলের শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও অটুট করে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
লামিনের তিন গোলের পাশাপাশি বার্সার অন্য গোলটি করেন রবার্ট লেভান্ডোভস্কি। ভিয়ারিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন পেপ গুয়ে। জয়ে ২৬ পয়েন্ট নিয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে রিয়াল।
স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচের ২৮ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন ইয়ামাল। ৩৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন স্পেন তারকা। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বার্সা।
বিরতির পর নেমে ৪৯ মিনিটে গোল হজম করে স্বাগতিকরা। পেপ গুয়ে ব্যবধান কমান। ৬৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে লেভান্ডভস্কি গোল করেন। ৪-১ গোলে জয় নিশ্চিত করে বার্সা।








