সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই চুপচাপ থাকেন বাপ্পী চৌধুরী। সিনেমা এবং পারিবারিক ছবি ছাড়া কোনো ইস্যুতে তিনি তেমন পোস্ট দিয়ে নিজের মতামত প্রকাশ করেন না। অথচ সেই বাপ্পী ফেসবুকে অনেকটা ক্ষোভ ঝেড়ে মঙ্গলবার দুপুরে একটি পোস্ট দিয়েছেন।
বাপ্পী লিখেছেন, “ফেসবুকটা হয়ে গেসে এখন ফকি…. আড্ডাখানা। মনিটাইজেশন অফ করে দিলে এইসব বস্তিদের বস্তিগিরি হয়তো কম দেখা লাগতো।”
ফেসবুকে এক নারী উদ্যোক্তা এবং বিতর্কিত ব্র্যান্ড প্রমোটারের মধ্যে তুমুল বাকবিতণ্ডা চলছে। তারা পরস্পরকে নানাভাবে দোষারোপ করছেন। তাদের এই কর্মকাণ্ডে নেটিজনরাও ভীষণ বিরক্ত। এরমধ্যে নারী উদ্যোক্তা চুপ হয়ে গেলেও ব্র্যান্ড প্রমোটার ইউটিউবারদের ডেকে বিভিন্ন অভিযোগ প্রকাশ করে পুনরায় বিতর্ক উস্কে দিয়েছেন! নেটিজেনরা ধারণা করছেন, তাদের ইঙ্গিত করেই চিত্রনায়ক বাপ্পী তার ফেসবুকে ক্ষোভ ঝেড়ে পোস্ট দেন।
বাপ্পীর দেয়া ওই পোস্টের মন্তব্যে তার অনুসারীরা সহমত পোষণ করে পাল্টা মন্তব্য দিচ্ছেন। মুহাইমিনুল লিখেছেন, ১০০ভাগ সঠিক কথা বলেছেন। প্রদীপ নামে একজন লিখেছেন, দাদা আপনি একদম সঠিক লিখেছেন। মনিরা আক্তার লিখেছেন, বাপ্পী আপনি একেবারে ঠিক কথাটাই লিখেছেন।
‘বস্তি’ বলে পোস্ট দেয়া প্রসঙ্গে বাপ্পী বলেন, সোশ্যাল মিডিয়ার এখন রুচির দুর্ভিক্ষ চলছে। এখন যা চলছে তা কোনোভাবে মানা যায় না। যারা ভালোভাবে সাংবাদিকতা করে তাদের উচিত এদের কাছে না যাওয়া। আমি যতদূর পারি এসব নেগেটিভ জিনিস না দেখে এড়িয়ে যাই।
এদিকে, ফিল্ম ক্যারিয়ার মোটেও ভালো যাচ্ছে না বাপ্পী চৌধুরীর। দীর্ঘদিন তার হাতে নতুন সিনেমায় নেই। অনেকে বলছেন, ক্যারিয়ার নিয়ে হতাশ হয়ে বাপ্পী ফিল্ম ছেড়ে পারিবারিক ব্যবসায় মনোযোগী হচ্ছেন। বাপ্পীর কথা, তিনি সময় নিয়ে ভালো সিনেমা দিয়ে কামব্যাক করবেন।
গেল ডিসেম্বরে বাপ্পীর ‘ডেঞ্জার জোন’ ছবিটি মুক্তি পেলেও মুখ থুবড়ে পড়ে। তার আগে শত্রু ও জয় বাংলা মুক্তি পেলেও চরমভাবে ব্যর্থ হয়।








