জনসাধারণের স্বাভাবিক নগদ লেনদেন নিশ্চিত করতে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে বিনিময়মূল্য প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১২ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশের সব তফসিলি ব্যাংকের শাখাকে বিধি মোতাবেক এ ধরনের নোট নিয়মিতভাবে গ্রহণ ও বিনিময় সেবা চালু রাখতে হবে। এর আগে গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা নির্দেশনার প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনও ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের আধিক্য দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের লেনদেনে বিঘ্ন সৃষ্টি করছে। এ অবস্থায় ‘ক্লিন নোট পলিসি অব বাংলাদেশ ব্যাংক’ বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকগুলোকে বিশেষ কাউন্টার চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এসব কাউন্টারের মাধ্যমে বিশেষ করে ছোট মূল্যমানের ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট নিয়মিতভাবে গ্রহণ করে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট দিয়ে বিনিময় করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, কোনো ব্যাংক শাখা এ ধরনের সেবা প্রদানে অনীহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।






