সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি গ্র্যান্ড প্রিক্স সপ্তাহান্তের প্রথম দিনে লাক্সারি ইয়টে অনুষ্ঠিত বিগ টিকিটের লাইভ ড্র-এ বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ কবির হুসেন ভাগ্যের চাকা ঘুরিয়ে জিতেছেন ২ লাখ ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৩ লাখ।
রোববার ৭ ডিসেম্বর খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
৪২ বছর বয়সী এ ব্যবসায়ী প্রায় ২০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। নিজের ভাগ্যের ব্যাপারে অদ্ভুত এক আত্মবিশ্বাসের কথাও জানালেন তিনি। হুসেন বলেন, আমি খুব নিশ্চিত ছিলাম যে আমি জিতব। ঘোষণার দুই মিনিট আগে আমার বন্ধু বলেছিল তুমি এটা পাবে। আমি জানতাম এটা আমারই।
মুসাফাহ অঞ্চলে একটি রেস্তোরাঁর মালিক হুসেন জানান, প্রায় দেড় বছর আগে বিগ টিকিটে অংশ নিতে শুরু করেন তিনি। এর পেছনে ছিল বিদেশে থাকা আরও অনেক বাংলাদেশির জয়ের অনুপ্রেরণা। তিনি বলেন ‘যখন বাংলাদেশিরা জিততে শুরু করে, তখন আমি অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত হই।’
বিগ টিকিটের এই বিশেষ লাইভ ড্র আয়োজন করা হয় এমন একটি ইয়টে, যেখানে বিজয়ীরা উপভোগ করেন ফর্মুলা ওয়ান রেসের বিশেষ অ্যাক্সেসসহ উচ্চমানের আতিথ্য। প্রথমবারের মতো সরাসরি ফর্মুলা ওয়ান দেখা ছিল হুসেনের জন্য বাড়তি রোমাঞ্চ।
তিনি জানান, দিনটির সবচেয়ে বড় উত্তেজনা ছিল পুরস্কার ঘোষণার মুহূর্তে। এই টাকা আমার, আমি আরেকটা রেস্তোরাঁ খুলব। উচ্ছ্বাস প্রকাশ করে বলেন হুসেন।
জয়টির ব্যক্তিগত গুরুত্বও আছে। স্ত্রী, ভাই এবং এক মেয়েকে নিয়ে তাঁর পরিবার। মুচকি হেসে বললেন, আমার স্ত্রী আমার ওপর রেগে ছিলেন। এই জয় তাকে খুশি করবে।
নিজের ধৈর্য আর বিশ্বাসের পুরস্কার হিসেবেই দেখছেন এই অর্জন। আমি বিশ্বাস করতাম যে আমি জিতব। আর আজ, সেটাই সত্য হলো- বলেন এই বাংলাদেশি প্রবাসী বিজয়ী।








