মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন সন্দ্বীপের এক প্রবাসী বাংলাদেশি। নিহত মো. তারেক (৪৮) সন্দ্বীপ উপজেলার আজিমপুর পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা। তারেকের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই সন্দ্বীপের আজিমপুর এলাকায় নেমে আসে স্তব্ধতা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস।
সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে আকস্মিক হামলার শিকার হন তিনি। বিস্ফোরণের তীব্র অভিঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে সহকর্মীরা জানিয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ডিএমডি মোশারফ হোসেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২৭ বছর ধরে তিনি প্রবাসে কর্মরত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে সংসারের হাল ধরেছিলেন তিনি। প্রবাসের কঠোর পরিশ্রমে গড়া স্বপ্ন ছিল—একদিন দেশে ফিরে স্থায়ীভাবে বসবাস করবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হলো না।
এলাকাবাসীর ভাষ্য মতে, তিনি ছিলেন নিরহংকারী, পরিশ্রমী ও দায়িত্বশীল মানুষ। পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন আজীবন।
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে এই মর্মান্তিক ঘটনা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মরুর বুকে রুটি-রুজির সন্ধানে যাওয়া আরেকটি জীবন আজ থেমে গেল অগ্নিগোলার আঘাতে।
নিহতের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে পরিবার জানিয়েছে।







