বৃষ্টি বাধা কাটিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ। টসে হেরে আগে ব্যাটে নেমে তানজিদ হাসান তামিম দারুণ শুরু এনে দিলেও ব্যর্থ হয়ে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস।
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার সময় ছিল মাঠের লড়াই। ৮টায় টস গড়ানোর কথা থাকলেও ২৮ মিনিট আগে আর্নোস ভ্যালি গ্রাউন্ডে বৃষ্টি নামে। আধাঘণ্টা পর সাড়ে ৮টায় টস গড়ায়। ১৫ মিনিট পর, বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে মাঠের লড়াই শুরু হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ২ উইকেটে ৩৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তানজিদ ১৮ বলে ২৩ রানে এবং সাকিব আল হাসান ৭ বলে ৭ রানে ক্রিজে আছেন।
ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরে যান শান্ত। আরিয়ান দত্তের বল ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন স্লিপে থাকা বিক্রমজিৎ সিংয়ের হাতে। ৩ বলে ১ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
শান্ত ফিরে গেলে লিটনকে সঙ্গী করে চার-ছক্কায় ডাচদের প্রতিহত করেন তানজিদ। চতুর্থ ওভারের প্রথম বলে ভুল করে বসেন লিটনও। আরিয়ান দত্তের লেন্থ ডেলিভারি তুলে মারতে গিয়ে ধরা পড়েন স্কয়ার লেগ অঞ্চলে। ২ বলে ১ রান করে ফিরে যান সাজঘরে।








