অন্তর্বর্তীসরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সংবর্ধনায় যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার সকালে যমুনায় গেছেন টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন দলের সদস্যরা। বেলা ১১টায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন স্কোয়াডের ২৩ ফুটবলার, ম্যানেজার মাহমুদা ও কোচ পিটার বাটলার। বাফুফের কোনো কর্মকর্তা সংবর্ধনা অনুষ্ঠানে থাকছেন না।
নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে বৃহস্পতিবার বীরের বেশে দেশে ফিরেছে লাল-সবুজের দল। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে সাবিনাদের আনা হয় বাফুফে ভবনে। সেদিন মেয়েদের বরণ করে নিতে বিকেল সাড়ে ৫টার দিকে বাফুফেতে পৌঁছেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পরে সাবিনাদের ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সাফজয়ী বীরদেরকে ১ কোটি টাকার আর্থিক পুরস্কার দেয়া হয়। তার একদিন আগে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।








