মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে লড়বে লাল-সবুজের দল। শেষ চারের লড়াইয়ে ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিটার জেমস বাটলারের শিষ্যরা।
‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমিতে উঠেছে ভুটান। ২০২২ আসরে কাঠমান্ডুতে ভুটাকেই সেমিতে পেয়েছিল বাংলাদেশ। তাদেরকে হারিয়ে ফাইনালে ওঠে। এরপর শিরোপা নিয়েই দেশে ফিরেন সাবিনা-সানজিদারা। এবারও সেই ভুটানকে শেষ চারের লড়াইয়ে পেল লাল-সবুজ দল।
‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। শেষ ম্যাচে ভারতকে ৩-১ ব্যবধানে হারায়। দু্ই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিতে পা রাখে। অন্যদিকে প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬-২ গোলে হারায় ভারত। পরে বাংলাদেশের কাছে হেরে যাওয়াতে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। শেষ চারের লড়াইয়ে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তারা। ভুটান ও নেপাল দুদলেরই পয়েন্ট সমান ৭ করে। গ্রুপপর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে ড্র করে। দ্বিতীয় ম্যাচে নেপাল মালদ্বীপকে ১১-০ গোলে হারায়। আর ভুটান শ্রীলঙ্কাকে হারায় ৪-১ গোলে। দ্বিতীয় ম্যাচে ভুটান মালদ্বীপকে ১৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে ছিল। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে লঙ্কানদের ৬-০ গোলে হারিয়ে ১ গোল ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে।
আগামী ২৭ অক্টোবর দুপুরে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভুটান। একই দিন দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও ভারত। ৩০ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।








