ব্রিকসে বাংলাদেশের সদস্য পদ চেয়েও পাওয়া বিরোধীদল গুলোর এমন প্রচারণার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বাংলাদেশ কিছু চেয়ে পাবে না এটা কিন্তু ঠিক না। আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমাদের যে মর্যাদাটা তুলে ধরেছি, তাতে করে আমাদের সে সুযোগটা আছে।
মঙ্গলবার সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন: এটা বিএনপি বলতে পারে কারণ তাদের আমলে ওটাই ছিলো। বাংলাদেশের কোন অবস্থানই ছিলো না বিশ্বে। বাংলাদেশ মানেই ছিলো দুর্বিক্ষের দেশ, ঝড়ের দেশ, বন্যার দেশ, হাত পেতে চলার দেশ, ভিক্ষা চাওয়ার দেশ। এখন অন্তত বাংলাদেশ ভিক্ষা চাওয়ার দেশ না এটা সবাই জানে।
ব্রিকসে সদস্য পদ পাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন: আমার সঙ্গে যখন সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের দেখা হলো তিনি আমাকে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। ব্রিকসে সদস্য পদ কিছু বাড়ানো হবে এমনটাও তিনি জানিয়ে ছিলেন। আমরা ব্রিকসে যাবো কিনা এটার জন্য তিনি আমার মতামত জানতে চাইলেন। আমি তাকে জানিয়েছিলাম এটা খুবই ভালো হবে। ব্রিকস যখন প্রথম প্রতিষ্ঠা হয় তখন থেকেই প্রতিষ্ঠাতা পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আমার ভালো যোগাযোগ ছিলো, এবং আছে।
ব্রিকসে সদস্য পদ পাওয়ার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: আমরা যখন জানলাম নিউ ডেভলপমেন্ট ব্যাংক হচ্ছে, আমাদের মূল আগ্রহটা ওটার ওপরই ছিলো। আমরা সেখানে যুক্ত হতে চেয়েছিলাম। যখন এটা তৈরি হয় তখন থেকেই আমার আগ্রহ ছিলো আমরা এটাতে যুক্ত হবো। ব্রিকসে নিলে আমরা খুবই খুশি। তবে আমরা এখনই সদস্য পদ পাবো, প্রথমবার যেয়েই সদস্যপদ পাবো সে ধরণের কোন চিন্তাই আমাদের মধ্যে ছিলো না।
এর আগে, বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফর করেন শেখ হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা জোহানেসবার্গে অনুষ্ঠিত এ সম্মেলনে যোগ দেন।
২৩ অগাস্ট প্রধানমন্ত্রী হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ব্রিকসের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আয়োজিত ‘রাষ্ট্রীয় ভোজ’ এ যোগ দেন শেখ হাসিনা।
পরদিন ‘ব্রিকস-ফ্রেন্ডস অব ব্রিকস লিডার্স ডায়লগ (ব্রিকস- আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়লগ) এ ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস’র সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তৃতা দেন শেখ হাসিনা।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে রোববার সকালে ঢাকায় ফেরেন শেখ হাসিনা।








