সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ দুবাই পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলবে লাল-সবুজের মেয়েরা।
সোমবার রাত রাত ১১টায় বাফুফে ভবন থেকে ফুটবলাররা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন। রাত ৩টায় ঢাকা ছাড়ে বাংলাদেশ দল।
মেয়েদের ফুটবল দলের সফর কোচ পিটার বাটলারের জন্য বড় চ্যালেঞ্জ। বিদ্রোহ করা ১৮ ফুটবলারকে বাদ দিয়ে বেশিরভাগ নুতন মুখ নিয়ে দল গঠন করেছেন ইংলিশ কোচ।
আরব আমিরাত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে অনেক ভালো করছে বাংলাদেশ। তবে সাবিনাসহ সিনিয়র ফুটবলারদের বাইরে রেখে তৈরি দল চ্যালেঞ্জের সামনে থাকবে।
সফর দিয়ে লম্বা বিরতির পর মাঠে নামছে বাংলাদেশ। গতবছর ৩০ অক্টোবর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আর কোনো ম্যাচ খেলা হয়নি জাতীয় নারী ফুটবল দলের।
বাংলাদেশ দল
গোলরক্ষক: ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রাণী রায়।
ডিফেন্ডার: কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফিদা খন্দকার, সুরমা জান্নাত, মোছা. সুলতানা, কানম আক্তার, অর্পিতা বিশ্বাস এবং মরিয়ম বিনতে হান্না।
মিডফিল্ডার: হালিমা আক্তার, স্বপ্না রাণী, মুনকি আক্তার, বন্যা খাতুন।
ফরোয়ার্ড: আইরিন খাতুন, আকলিমা আক্তার, শাহেদা আক্তার রিপা, আয়ন্ত বালা মাহাতো, ঐশি খাতুন, তনিমা বিশ্বাস, সুরভি আকন্দ প্রীতি এবং নবীরণ খাতুন।







