এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ। মূল লক্ষ্য ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। সবার আগে সিলেটে ডাচদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে সন্ধ্যায় ঢাকা ছাড়বে দল। রওনার আগে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়েছে বৈঠক। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার খেলোয়াড়দের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন আমিনুল। নানা বিষয়ে খেলোয়াড়দের দেবেন দিক-নির্দেশনা।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের ফ্লাইট ধরবে লাল-সবুজের দল। সকালের বৈঠকে উপস্থিত হয়েছেন বোর্ডের অন্য পরিচালকরাও। প্রয়োজনীয় দিক-নির্দেশনার সঙ্গে দলের করণীয়, কৌশলগত পরিকল্পনা এবং শৃঙ্খলাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
নারী ক্রিকেটাররা থাকছেন না বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায়। বিশ্বকাপের প্রস্তুতিতে তারা বিকেএসপিতে টুর্নামেন্ট খেলছেন।
সোমবার অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন আমিনুল। ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়ায় ছিলেন। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। সেখান থেকে অনলাইনে বিসিবির একটি সভায় যোগ দিয়েছিলেন সভাপতি।
আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালও সোমবার ঢাকায় এসেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিটকে সহায়তা করবেন। রাতে মার্শালের সঙ্গে বৈঠক বসার কথা রয়েছে বোর্ড সভাপতির।
সিলেটে ৩০ আগস্ট প্রথম ম্যাচে ডাচদের মুখোমুখি হবেন জাকের-লিটনরা, ১ ও ৩ সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচ। এর পরপরই এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ। আবুধাবি ও দুবাইতে মহাদেশীয় প্রতিযোগিতাটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।







