লঙ্কানদের মাটিতে কোনো ফরম্যাটেই সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। চলতি সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের হারের পর টি-টুয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম টি-টুয়েন্টিতে হারের পর দ্বিতীয়টিতে জিতে সিরিজে টিকে থাকে বাংলাদেশ। রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে শেখ মেহেদীর ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর তানজিদ তামিমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে লঙ্কানদের বিপক্ষে প্রথমবার টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তাছাড়া লঙ্কানদের মাটিতে যেকোনো ফরম্যাটে প্রথমবার সিরিজ জয়ের কীর্তিও এটি। ঐতিহাসিক জয়ের খুঁটিনাটি দেখে নিন লাইভ ব্লগে…
২৩.১০
ক্যারিয়ারসেরা বোলিংয়ে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দিয়ে হয়েছেন ম্যাচসেরা। পরে জানালেন দুর্দান্ত পারফর্মের রহস্য।
২২.৩৭
শেখ মেহেদী হাসান ও তানজিদ হাসান তামিমের ক্যারিয়ার সেরা বোলিং ও ব্যাটিংয়ের নৈপূন্যে শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে জিতে প্রথম কোনো সিরিজ জিতেছে বাংলাদেশ।
মেহেদী-তামিমের ক্যারিয়ারসেরায় শ্রীলঙ্কায় প্রথম সিরিজ জয় বাংলাদেশের
২২.৩৭
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
টস: শ্রীলঙ্কা (ব্যাটিং)
শ্রীলঙ্কা-১৩২/৭ (২০)
পাথুমি নিশাঙ্কা-৪৬ (৩৯), দাসুন শানাকা-৩৫* (২৫), কামিন্দু মেন্ডিস-২১ (১৫)
শেখ মেহেদী-৪/১১, শামীম-১/১০, মোস্তাফিজ-১/১৮, শরিফুল-১/৫০
বাংলাদেশ: ১৩৩/২ (১৬.৩)
তানজিদ-৭৩* (৪৭), লিটন-৩২ (২৬), হৃদয়-২৭* (২৫)
কামিন্দু-১/২৫, নুয়ান থুসারা-১/২৫
২২.৩৫
৮ উইকেটে জয় বাংলাদেশের
১৭তম ওভারের প্রথম বলে মাহেশ থিকসানাকে ছক্কা হাঁকিয়ে স্কোর লেভেল করেন তাওহিদ হৃদয়। পরের বল ডট আদায় করেন নেন লঙ্কান পেসার। তৃতীয় বলে কুইক সিঙ্গেল নিয়ে ২১ বল হাতে রেখে জয় তুলে নেন হৃদয়। ৬ ছক্কা ও এক চারে ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন তানজিদ, ২৫ বলে ২৭ রান করেন হৃদয়।
লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
২২.১৮
ক্যারিয়ারসেরা ব্যাটিং তানজিদের
টি-টুয়েন্টিতে আগের ২৬ ম্যাচে সর্বোচ্চ ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তানজিদ। চট্টগ্রামে ২০২৪ সালে নিজের অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে করেন তা। শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে তা ছাড়িয়ে গেলেন তানজিদ। ৬ ছক্কা ও ১ চারে ৪২ বলে ৭০ রানে ব্যাট করছেন তানজিদ।
২২.১৮
জীবন পেলেন তানজিদ, ১০০ পেরিয়ে বাংলাদেশ
কামিন্দু মেন্ডিসের বলে এক্সট্রা কভারে উড়িয়ে মারেন তানজিদ। সেখানে থাকা মাহেশ থিকসানার হাত ফসকে বল বেরিয়ে যায়। ৬২ রানে জীবন পেলেন তানজিদ।
১২.১ ওভারে শত রান পেরিয়েছে বাংলাদেশ। জিততে ৪৭ বলে ৩২ রান দরকার বাংলাদেশের। হাতে আছে ৮ উইকেট। তানজিদ ৬২ রানে এবং হৃদয় ৬ রানে ক্রিজে আছেন।
২২.০৯
১০ ওভার শেষে বাংলাদেশ-৮৯/২
জিততে ৬০ বলে ৪৪ রান দরকার বাংলাদেশের। হাতে আছে ৮ উইকেট। তানজিদ ৫৪ রানে এবং হৃদয় ২ রানে ক্রিজে আছেন।
২২.০৬
তানজিদের ফিফটি
দশম ওভারের প্রথম বলে ভ্যান্ডারসেকে ছক্কা হাঁকান তামিম। পরের বলে চার মেরে ক্যারিয়ারের পঞ্চম ফিফটির দেখা পান, ২৭তম ম্যাচে। লঙ্কানদের বিপক্ষে প্রথম ফিফটি এটি। ২৭ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৫ ছক্কা ও একটি চারের মারের।
২১.৫৮
লিটন ফিরলেন, বাংলাদেশ-৭৪/২
৮.৩ ওভারে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। কামিন্দু মেন্ডিসের বলে সুইপ করেন লিটন দাস। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ধরা পড়েন কুশল পেরেরার হাতে। দুটি চার ও এক ছক্কায় ২৬ বলে ৩২ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
২১.৫৮
৮ ওভার শেষে বাংলাদেশ-৭১/১
লিটন-তানজিদের ব্যাটে জয়ের পথে ছুটছে বাংলাদেশ। জিততে ৭২ বলে লাগবে ৬২ রান। লিটন ৩০ রানে এবং তানজিদ ৪০ রানে ব্যাট করছেন।
২১.৫৫
পাওয়ার প্লে শেষে
পাওয়ার প্লে শেষে এক উইকেট হারিয়ে ৪৭ রান তুলেছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস সামনে থেকে রান তোলায় নেতৃত্ব দিচ্ছেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন ওপেনার তানজিদ হাসান তামিম।
২১.৩১
রিভিউ নিয়ে বাঁচলেন লিটন
বিনুরা ফের্নান্দোর বল লিটনের পায়ে হিট করে। আম্পায়ার সাড়া দেন। লিটন রিভিউ নেন। পরে দেখা যায় বল পিচ করেছিল লেগস্টাম্পের বাইরে। বেঁচে যান লিটন।
২১.১৮
প্রথম বলেই ফিরলেন ইমন
নুয়ান থুসারার বল গিয়ে আঘাত হানে পারভেজ হোসেন ইমনের প্যাডে। আম্পায়ার সাড়া দেন লেগ বিফোরের আবেদনে। রিভিউ নেন ইমন। পরে দেখা যায় লেগ স্টাম্প ছুঁয়ে যেত বল। আম্পায়ার্স কলে রানের খাতা খোলার আগেই ফিরলেন ইমন।
২১.০৮
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ছিলেন না শেখ মেহেদী হাসান। জিতলে সিরিজ নিজেদের এমন সমীকরণের ম্যাচে ফেরানো হয় এ স্পিনিং অলরাউন্ডারকে। ফিরেই মেহেদীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেট হারিয়ে ১৩২ রানে থেমেছে লঙ্কানরা।
মেহেদীর ক্যারিয়ার সেরা বোলিং, সিরিজ জিততে বাংলাদেশের লাগবে ১৩৩
২০.৫১
সংক্ষিপ্ত স্কোর
টস: শ্রীলঙ্কা (ব্যাটিং)
শ্রীলঙ্কা-১৩২/৭ (২০)
পাথুমি নিশাঙ্কা-৪৬ (৩৯), দাসুন শানাকা-৩৫* (২৫), কামিন্দু মেন্ডিস-২১ (১৫)
শেখ মেহেদী-৪/১১, শামীম-১/১০, মোস্তাফিজ-১/১৮, শরিফুল-১/৫০
২১.০৮
শেষ ওভারে খরুচে শরিফুল, লঙ্কানরা থামল ১৩২ রানে
শেষ ওভারে দুটি করে চার ও একটি ছক্কা হজম করেছেন শরিফুল ইসলাম। সবমিলিয়ে খরচ করেছেন ২২ রান। তাতে লঙ্কানদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১৩২ রান। ৪ ওভারে ৫০ রান দিয়ে ১ উইকেট নেন শরিফুল।
২০.৫০
ভ্যান্ডারসেকে ফেরালেন মোস্তাফিজ
১৭তম ওভারের শেষ বলে ১০৩ রানে লঙ্কানদের সপ্তম উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজের বলে লফটেড শট খেলতে চেয়েছিলেন জেফরি ভ্যান্ডারসে। ঠিকঠাক ব্যাটে না লাগায় মিড অফে ধরা পড়েন তানজিমের হাতে। ১৪ বলে ৭ রান করেন।
২০.৪৫
১০০ পেরিয়ে শ্রীলঙ্কা
৬ উইকেট হারালেও রানরেট সচল রেখেছে শ্রীলঙ্কা। ১৫.৪ ওভারে শরিফুলকে চার মেরে দলীয় শতরান পূর্ণ করেন দাসুন শানাকা। ১৬ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ-১০১/৬। শানাকা ১৩ রানে এবং ভ্যান্ডারসে ৬ রানে ব্যাট করছেন।
২০.৩২
কামিন্দুকে ফেরালেন শামীম
১৪তম ওভারের প্রথম বলে কামিন্দু মেন্ডিসকে ফেরালেন শামীম হোসেন পাটোয়ারী। টাইগার স্পিনারের বল রিভার্স সুইপ করেন কামিন্দু্। ব্যাকওয়ার্ড পয়েন্টে তানজিম বল তালুবন্দি করেন। ১৫ বলে ২১ রান করেন কামিন্দু। ৮৮ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ।
২০.২৪
১১ রানে ৪ উইকেট মেহেদীর
তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে সুযোগ পেয়ে দারুণ করেছে শেখ মেহেদী। বল হাতে রাঙিয়েছেন নিজের দিনটা। ৪ ওভার বল করে এক মেডেনসহ ১১ রানে ৪ উইকেট নিয়েছেন টাইগার স্পিনার। মেহেদীর ক্যারিয়ারসেরা বোলিং এটি। এর আগে টি-টুয়েন্টিতে একবার ৪ উইকেট শিকার করেছিলেন মেহেদী, ১৩ রানে।
২০.২৪
মেহেদীর উইকেট মেডেন
১১তম ওভারে নিশাঙ্কাকে ফেরান শেখ মেহেদী। একই সঙ্গে মেডেন আদায় করে নেন টাইগার স্পিনার
২০.২১
ফিরতি ক্যাচে নিশাঙ্কাকে ফেরালেন মেহেদী
একপ্রান্ত আগলে রেখে দারুণ করছিলেন নিশাঙ্কা। ১১তম ওভারের তৃতীয় বলে তাকে ফেরালেন শেখ মেহেদী হাসান। চারটি চারে ৩৯ বলে ৪৬ রান করেন লঙ্কান ওপেনার।
শেখ মেহেদীর চতুর্থ শিকার নিশাঙ্কা। এরআগে কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল ও চারিথ আশালাঙ্কাকে ফেরান টাইগার স্পিনার।
২০.১৯
১০ ওভার শেষে শ্রীলঙ্কা-৬৬/৪
নিশাঙ্কা ৪৬ রানে ব্যাট করছেন, তাকে সঙ্গ দিচ্ছেন ৫ রান করা কামিন্দু মেন্ডিস।
২০.১৭
স্টাম্পিংয়ের সুযোগ হারালেন লিটন
রিশাদের বলে খানিকটা এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন নিশাঙ্কা। বল মিস করেন। লিটন বল পেয়ে স্টাম্প ভেঙে দেন। তবে খানিকটা দেরি করে ফেলেছেন। তাতে বড় সুযোগ হারায় বাংলাদেশ। আরও একবার জীবন পেলেন ৪৫ রান করা নিশাঙ্কা।
২০.০৮
লঙ্কানদের ৫০
৭.৫ ওভারে দলীয় ফিফটি পূর্ণ করেছে শ্রীলঙ্কা। ৮ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৫১/৪। নিশাঙ্কা ৩৫ রানে এবং কামিন্দু ১ রানে ক্রিজে আছেন।
২০.০৬
আশালাঙ্কাকে বোল্ড করলেন মেহেদী
তৃতীয় শিকার তুলে নিলেন শেখ মেহেদী। নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলে চারিথ আশালাঙ্কাকে বোল্ড করলেন টাইগার স্পিনার। ৮ বলে ৩ রানে ফিরলেন আশালাঙ্কা। লঙ্কানরা চতুর্থ উইকেট হারাল ৪৯ রানে।
১৯.৫৯
পাওয়ার প্লেতে বাংলাদেশের ৩ সাফল্য
প্রথম ৬ ওভারে লঙ্কান তিন ব্যাটাকে ফিরিয়েছে বাংলাদেশ বোলাররা। ৪০ রান তুলেছে শ্রীলঙ্কা। একপ্রান্ত আগলে রাখা লঙ্কান ওপেনার নিশাঙ্কা ২৮ রানে এবং আশালাঙ্কা ১ রানে ক্রিজে আছেন।
১৯.৫৩
চান্দিমালকে ফেরালেন মেহেদী
নিজের প্রথম ওভারে পেরেরাকে ফেরান শেখ মেহেদী। দ্বিতীয় ওভারে এসেও উইকেট তুলে নিলেন। পঞ্চম ওভারের তৃতীয় বলে মেহেদী গুড লেন্থের ডেলিভারি মিড উইকেট দিয়ে খেলতে চেয়েছিলেন চান্দিমাল। তবে টপ এজের শিকার হন চান্দিমাল। পয়েন্টে থাকা ফিল্ডার জাকের আলি বল তালুবন্দি করেন। ৩৪ রানে তৃতীয় উইকেট হারাল স্বাগতিক দল।
১৯.৪৭
নিশাঙ্কার ক্যাচ মিস করলেন তানজিম, চান্দিমালের ক্যাচ ছাড়লেন মোস্তাফিজ
তৃতীয় ওভারে শরিফুলের তৃতীয় বলে অফস্টাম্পের বাইরের ডেলিভারি পুল করতে চেয়েছিলেন নিশাঙ্কা। টপ এজ হয়ে মিড উইকেটে যায় বল। সাকিব উল্টো দিকে অনেকটা দৌড়ে গিয়ে চেষ্টা করেছিলেন বল তালুবন্দি করতে তবে পারেননি।
পঞ্চম বলে জীবন পান চান্দিমাল। শর্ট থার্ড ম্যানে মোস্তাফিজ চেষ্টা করেছিলেন। তবে তার হাত ছুঁয়ে বল বেরিয়ে যায়।
১৯.৩৮
পেরেরাকে ফেরালেন শেখ মেহেদী
তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী। দ্বিতীয় ওভারে বলে আসেন টাইগার স্পিনার। ওভারের পঞ্চম বলে বাংলাদেশকে এনে দিলেন সাফল্য। অফস্টাম্পের বাইরের ডেলিভারে এজ হয় প্রথম বল মোকাবেলা করতে চলা কুশল পেরেরার। প্রথম স্লিপে থাকা তানজিদ বল লুপে নেন। ১৯ রানে ২ উইকেট হারাল লঙ্কানরা।
১৯.৩৪
খরুচে ওভারের শেষ বলে উইকেট নিলেন শরিফুল
ইনিংস শুরু করতে এসে প্রথম ৫ বলে ১৪ রান খরচ করেন শরিফুল। তবে শেষ বলে দারুণ প্রত্যাবর্তন করলেন টাইগার পেসার। পায়ের উপরে শরিফুলের ডেলিভারি উড়িয়ে মারেন কুশল মেন্ডিস। ডিপ স্কয়ার লেগে বাউন্ডারি লাইনের কাছে তালুবন্দি করেন তাওহিদ হৃদয়। ৪ বলে ৬ রান করেন মেন্ডিস।
১৯.৩১
বাউন্ডারি দিয়ে শুরু লঙ্কানদের
ইনিংস শুরু করতে আসেন শরিফুল ইসলাম। টাইগার পেসারের অফস্টাম্পের বাইরের বল কভার দিয়ে ৪ বানিয়ে লঙ্কানদের ইনিংস শুরু করেন পাথুম নিশাঙ্কা।
১৯.২১
টানা ৯ ম্যাচে টসে হারলেন লিটন
পূর্ণমেয়াদে টি-টুয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত ৯টি ম্যাচে টস করেছেন লিটন দাস। যার সবকটিতেই হেরেছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে তিনটি করে টি-টুয়েন্টি সিরিজের সবকটিতে টসে হারের পর লঙ্কানদের বিপক্ষে চলতি সিরিজেও সবকটি ম্যাচে টসে হেরেছেন তিনি।
১৯.০৫
লঙ্কান একাদশেও দুই পরিবর্তন
তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। আভিস্কা ফের্নান্দো, চামিকা করুনারত্নের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন কামিন্দু মেন্ডিস ও দিনেশ চান্দিমাল।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, জেফরি ভ্যান্ডারসে, মাহেশ থিকসানা, নুয়ান থুশারা ও বিনুরা ফের্নান্দো
১৯.০২
বাংলাদেশের একাদশে দৃুই পরিবর্তন
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের জায়গায় ফিরেছেন শেখ মেহেদী হাসান। পেস অলরাউন্ডার সাইফউদ্দিনকে বসিয়ে পেসার তানজিম হাসান সাকিবকে একাদশে ফিরিয়েছে টিম টাইগার্স।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
১৯.০১
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
লঙ্কানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে তিনটি ম্যাচেই টসে হারলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
১৭.৫০
‘এটা আসলে চাপ নয়। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা ভালো ক্রিকেট খেলে এসেছি এখনও পর্যন্ত। টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছি।
১৭.৪৮
সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘প্রতিপক্ষকে নিয়ে চিন্তা তো দূরে শেষ ম্যাচে কি করেছি তাও গুরুত্বপুর্ণ নয়। কালকে আমরা তাদের যাতে হারাতে পারি তাই লক্ষ্য। এজন্য যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার তা নিয়েই যাবো।’








