আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেছেন সাকিব আল হাসান। তবে মাইলফলক স্পর্শের দিনে আক্ষেপ রয়ে গেলো সাকিবের। মাত্র ৭ রানের জন্য পাননি ক্যারিয়ারের ১০ম ওয়ানডে সেঞ্চুরির দেখা।
শনিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তৌহিদ হৃদয়কে নিয়ে ইনিংস বড় করছিলেন সাকিব। ছিলেন শতকের দ্বারপ্রান্তে। ৩৭.২ ওভারে ভুল করে বসেন হিউমের বলে। উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ৮৯ বলে ৯৩ রান সংগ্রহ করেন সাকিব।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৪৮ রান। অভিষেকে ক্যারিয়ারের প্রথম ফিফটি করেছেন তৌহিদ হৃদয়। ব্যাট হাতে হৃদয় অপরাজিত ৬৯ রানে, মুশফিক ১৯ রানে।
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটে নেমে ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। ডানহাতি পেসার মার্ক অ্যাডায়ারের আউটসুইংয়ের মুখে আলতো করে ব্যাট ছোঁয়ান বাংলাদেশ অধিনায়ক। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা পল স্ট্রিলিং তা লুফে নেন।
দশম ওভারে সাজঘরে ফেরেন লিটন দাসও। ৩১ বলে ২৬ রান করেন তিনি। কার্টিস ক্যামফারের বলে স্ট্রিলিংয়ের হাতেই ক্যাচ দেন এ ওপেনার। ১৭তম ওভারের তৃতীয় বলে ৮১ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ৩৪ বলে ২৫ রান করেন এই ব্যাটার।







