বিশ্বখ্যাত ইসলামী স্কলার ডা. জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর প্রসঙ্গে ভারত সরকারের মন্তব্যের জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’
তিনি আরো বলেন, ‘আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।’
বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডা. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন বলে জানা যায়। বাংলাদেশে দুইদিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
জাকির নায়েকের আসন্ন সফর প্রসঙ্গে ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারত দাবি করছে, জাকির নায়েক ভারতের পলাতক আসামি এবং উগ্রবাদ ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তারা আশা করছে, বাংলাদেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।








