রাওয়ালপিন্ডিতে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দুই বিভাগে দারুণ করে ১৪তম মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে টিম টাইগার্স। ব্যাট হাতে অনন্য ছিলেন মুশফিকুর রহিম। ১৯১ রান করে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দিয়েছেন। হয়েছেন ম্যাচসেরা। টাইগার তারকা ব্যাটারকে নিয়ে বেশ উৎফুল্ল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে টিম টাইগার্স। জয়ের পর অনবদ্য মুশফিককে নিয়ে বলেছেন শান্ত। মুশফিকের দারুণ ব্যাটিংয়ের প্রশংসার পাশাপাশি দলের সবাইকে জয়ের কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক।
‘গত ১৫-১৭ বছর ধরে তিনি যেভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং প্রতিদিন তার কাজ সঠিকভাবে করেছেন। একই জিনিস বারবার করতে ক্লান্ত হননি। একই তীব্রতা নিয়ে ১৫-১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এই গরম কন্ডিশনে যেভাবে ব্যাটিং করেছেন তার জন্য আমি অনেক উৎফুল্ল, সে কারণেই হয়তো আমরা ম্যাচটা জিততে পেরেছি। তবে কেবল ওনাকেই কৃতিত্ব দিচ্ছি না। পুরো ১৫ জনের কৃতিত্ব এটি, তাদের সবার কঠোর পরিশ্রমের কারণেই সম্ভব হয়েছে।’








