রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম তিন দিন ছিল ম্যাড়ম্যাড়ে। চতুর্থ আর পঞ্চম দিনে জমে ওঠে লড়াই। রোমাঞ্চকর ম্যাচে শেষপর্যন্ত পাকিস্তানের মাঠে ১০ উইকেটে জয় তোলে বাংলাদেশ। তাতে অবাক হয়েছেন ভারতের তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘ম্যাচটা প্রথম তিন দিনে ঘুমিয়ে ছিল মনে হয়। হঠাৎ যখন একটা ফ্লাইটে উঠব, পাকিস্তান আমাকে অবাক করে দিয়েছে। হাইলাইটস দেখে বুঝলাম, পাকিস্তান শেষদিনে পুরোপুরি ধসে গেছে। এমন ক্রিকেট বহুদিন ধরে দেখিনি, কোনো দলকে এমন পিচে এভাবে আত্মসমর্পণ করতে দেখিনি। আসলে বুঝতেই পারিনি, কী খেলছে পাকিস্তান।’
‘আসলে এরকম পিচে সাধারণত দলগুলো ভেঙে পড়ে না। প্রথম শ্রেণির ক্রিকেটে আগে ব্যাট করা দল বড় রান পায়। উইকেট থাকে ব্যাটিং সহায়ক। প্রথম দুইদিনের মধ্যে একবার অলআউট হওয়ার পর যদি উইকেট ভাঙতে থাকে, তখন একটি দল আবারও অলআউট হয়ে যায়। আমি এটিই বুঝতে পেরেছি। এই পিচে আসলে কিছুই ছিল না। একদম পাকা রাস্তা ছিল এটি।’
অশ্বিনের পর্যবেক্ষণ, বাংলাদেশ এখন টেস্টের ভালো দল, ‘সবমিলিয়ে বাংলাদেশ দল টেস্টে ভালো লড়াই করে। নিশ্চিতভাবেই উপমহাদেশের কন্ডিশনে ওরা উড়িয়ে দেয়ার মতো দল নয়। তারা আমলে নেয়ার মতো দল।’








