ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে জরিমানাও গুনলেন পাকিস্তানের সিদরা

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলছেন, উইকেটের পাশে অবস্থান করছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় তুলেছে পাকিস্তান নারী দল। ম্যাচে আইসিসির নিয়ম ভেঙে জরিমানা গুনলেন সফরকারী ওপেনার সিদরা আমিন। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিতে হয়েছে ৩১ বর্ষী সিদরাকে। একইসঙ্গে নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে এলবিডব্লিউ হন পাকিস্তানের সিদরা। নাহিদা আক্তারের করা বলে সুইপ খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটের কাছ দিয়ে যেয়ে বল প্যাডে আঘাত করে, স্বাগতিকদের জোরাল আবেদনে আউট দেন আম্পায়ার মাসুদুর রহমান।

খালি চোখে দেখে বোঝা কঠিন ছিল বলটি প্যাডের আগে গ্লাভসে লেগেছিল কিনা। টুর্নামেন্টে ডিআরএস না থাকায় শেষপর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্তই মানতে হয় সিদরাকে। যদিও গ্লাভসে বল লেগেছে বলে ইঙ্গিত করে মাঠেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। তাতে আইসিসির কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার্স এবং প্লেয়ার সাপোর্টের ২.৮ ধারা লঙ্ঘন হয়েছে। যা আন্তর্জাতিক ম্যাচের সময় একজন আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত দেখানোর অপরাধ।

মাঠের দুই আম্পায়ার মাসুদুর রহমান ও মোরশেদ আলী খান, তৃতীয় আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ আম্পায়ার সাজেদুল ইসলাম এ বিষয়ে অভিযোগ গঠন করেন। সিদরা শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

বিষয়:আইসিসি ওয়ানডে সিরিজ পাকিস্তান বাংলাদেশ সিদরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…