শেষদিনের শুরুটা ভালো করেছে বাংলাদেশ। তবে হারিয়েছে উইকেট। মির হামজার বলে ৪০ রান করে বোল্ড হয়ে ফিরেছেন জাকির হাসান। জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্যে নেমে ৫৮ রানে ভেঙেছে ওপেনিং জুটি। ক্রিজে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ১২৭ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৮ রান। ৪১ বলে ১৬ রানে ক্রিজে আছেন সাদমান, ১০ বলে ৪ রান করেছেন শান্ত।
দিনের শুরুটা ভালো করেন জাকির-সাদমান। তাদের ব্যাট থেকে ৫৮ রান আসে জুটিতে। কাছাকাছি গেলেও টেস্টে পঞ্চম ফিফটি হাতছাড়া করে গেছেন জাকির। ৩ চার ও ২ ছক্কায় ৩৯ বলে ৪০ রান করে ফিরেছেন। জাকিরকে বোল্ড করেন পাকিস্তান পেসার মীর হামজা।
রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথমটিতে ১০ উইকেটে জয় পেয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয়টিতে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটে নামা স্বাগতিকদের ২৭৪ রানে আটকে দেয় শান্ত বাহিনী। জবাবে লিটনের সেঞ্চুরি ও মিরাজের ফিফটিতে ২৬২ রান তোলে বাংলাদেশ।
১২ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ১৭২ রানে থামে পাকিস্তান। চতুর্থ দিনে ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে খেলা বন্ধ হওয়ার আগে ৭ ওভারে ৪২ রান তুলেছিল বাংলাদেশ।







