ঘরের মাঠে বাংলাদেশের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। শান মাসুদ-বাবর আজমদের এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা। হারের পর পাকিস্তান দল নিয়ে সমালোচনার ঝাঁপি খুলেছেন অনেকেই। সাবেকদের মধ্যে জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম উল হক ও ইউনিস খানরা মুখ খুলেছেন।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের কাছে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। একই মাঠে প্রথম ম্যাচে তারা হেরেছিল ১০ উইকেটের বড় ব্যবধানে।
ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় সাবেক অধিনায়ক মিয়াঁদাদ বলেছেন, ‘এটা খুবই কষ্টকর, আমাদের ক্রিকেট এখন এই পর্যায়ে নেমেছে। বাংলাদেশ যা করে দেখিয়েছে, সেটা অবশ্যই তাদের কৃতিত্ব। কিন্তু যেভাবে সিরিজে আমাদের ব্যাটিংয়ে ধস নেমেছে। এটা দেশের জন্য খুবই বাজে ব্যাপার।’
‘আমি শুধু খেলোয়াড়দের দোষ দেবো না। কারণ, গত দেড়বছরে যেভাবে অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টের পরিবর্তন এসেছে। সেটা অবশ্যই দলকে প্রভাবিত করেছে।’
আরেক সাবেক অধিনায়ক ইনজামাম উল হক উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, ‘অতীতে হোম সিরিজ মানেই ছিল সেরা দলগুলোকে হারানোর মোক্ষম সুযোগ। আসলে টেস্ট ম্যাচে ব্যাটারদের রান করা খুব জরুরি।’
সাবেক ব্যাটার ইউনিস খান খেলোয়াড়দের মানসিক দিকটা সামনে এনে বলেছেন, ‘যখন একটা দল পরাজয়ের মানসিকতায় প্রবেশ করে। তখন বের হওয়া কঠিন হয়ে পড়ে। অতীতে ব্যাটাররা রান পেত। কিন্তু এখন মনে হচ্ছে এই সংকট থেকে তাদের বেরিয়ে আসতে মানসিকভাবে দৃঢ়তা প্রয়োজন।’








