বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় সকাল-দুপুর পেরিয়ে রাওয়ালপিন্ডি টেস্ট মাঠে গড়াবে বিকেলে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় হবে টস, ম্যাচ শুরু সাড়ে ৩টায়। কয়েকদফা মাঠ পরিদর্শন করে আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম টেস্টের প্রথম দিনে ৪৮ ওভার খেলা হবে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে হবে চা বিরতি। শেষ সেশনের শুরু হবে বিকেল ৫.৪০ মিনিটে। খেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্ধারিত ওভার শেষ করার জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়ানো যাবে।
রাওয়ালপিন্ডিতে বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টায় টেস্টের লড়াইয়ে নামার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
সিরিজ শুরুর আগে থেকেই রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে ছিল শঙ্কা। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে। যার মানে, টেস্টের পাঁচ দিনই বৃষ্টি বাগড়া দিতে পারে।







