অতিমাত্রায় স্পিনবান্ধব হওয়ায় মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা নিয়মিত ঘটনা। এমন পিচে খেলায় দেশের বাইরে গিয়ে বেগ পেতে হয় টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেও আলোচনায় এই উইকেট। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন, হোম কন্ডিশনের সুবিধা নিলেও ভালো উইকেটে খেলতে চান তারা।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। দুপুর ২টা ১৫ মিনিটে গড়াবে লড়াই। খেলা সরাসরি দেখাবে ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিন, ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে।
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ। জানালেন, ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়াতে এই সিরিজ ভালো উইকেটে খেলবে বাংলাদেশ।
‘অবশ্যই ভালো উইকেটে খেলব। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যেটা করেছি, প্রত্যেক দলই কিন্তু হোম সুবিধা নেয়। বিশ্বের যে দেশই খেলুক না কেন, সবাই চেষ্টা করে হোম সুবিধাটা নিতে। ওয়েস্ট ইন্ডিজ স্পিনে একটু দুর্বল, তাই চেষ্টা করেছি হোম সুবিধা নেয়ার। এখন আমরা অবশ্যই চেষ্টা করব ভালো উইকেটে খেলার জন্য এবং ব্যাটাররা যেন অনেক আত্মবিশ্বাস পায়, অনেক রান করতে পারে, সেটা চেষ্টা করব।’
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে র্যাঙ্কিংয়ে আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। আসন্ন কয়েকটি সিরিজে তাই ভালো খেলতে হবে। সেটার জন্য ভালো উইকেটে খেলার পাশাপাশি হোম সুবিধাটাও নিতে চান মিরাজ।
‘বিশ্বকাপে অনেক ভালো উইকেট থাকে এবং আমরা অভ্যাসটা (ভালো উইকেটে খেলার) তৈরি করতে চাচ্ছি। যেহেতু ২০২৭ বিশ্বকাপের আগে আমাদের অনেকগুলো ওয়ানডে ম্যাচ আছে, বেশিরভাগ ম্যাচ যদি ভালো উইকেটে খেলতে পারি, ভালো একটা অভিজ্ঞতা হবে।’
‘একইসঙ্গে কিন্তু কোয়ালিফাইও করতে হবে। তাই যাদের বিপক্ষে আমরা হোম সুবিধাটা নিতে পারি, অবশ্যই চেষ্টা করব নেয়ার জন্য। আবার এটাও মাথায় রাখতে হবে, বেশিরভাগ ম্যাচ যেন ভালো উইকেটে খেলতে পারি। হোম কন্ডিশন মানে এরকম না যে অনেক বাজে উইকেট দিয়ে দিবো, খারাপ উইকেটে আমরা খেলব না। তখনও আমরা ভালো উইকেটে খেলব, শুধু হোম সুবিধাটা যেন নিতে পারি।’








