ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে তিনবার বৃষ্টির বাধা, শরিফুলের জোড়া আঘাত

শরিফুলের জোড়া আঘাতের জন্য উদযাপন করছে বাংলাদেশ ক্রিকেট দল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের শরিফুল জোড়া আঘাতের পর উদযাপন করছে, ম্যাচে উত্তেজনা ছড়াচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর বৃষ্টির কারণে খেলা শুরু হতে এক ঘণ্টা ১০ মিনিট বিলম্ব হয়। ৪৬ ওভারে নেমে আসে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। প্রথম ওভারেই দুই ব্যাটারকে ফিরিয়ে টাইগারদের দারুণ শুরু এনে দিয়েছিলেন শরিফুল ইসলাম। এরপর উইল ইয়াং ও টম ল্যাথামের শতাধিক রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে স্বাগতিকদের বিপদ সামলান।

তৃতীয় দফায় বৃষ্টির বাধার মুখে খেলা বন্ধের আগে কিউইদের স্কোর ১৯.২ ওভারে ২ উইকেটে ১০৮ রান। ওপেনার ইয়াং ৫৪ বলে ৬ চার ও এক ছক্কায় ৪১ ও ফিফটি পাওয়া ল্যাথাম ৫৮ বলে ৬ চারে ৫১ রানে ক্রিজে আছেন।

প্রথম ওভারের চতুর্থ বলে রানের খাতা না খুলে মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়ে রাচীন রবীন্দ্র সাজঘরে ফেরেন। শেষ বলে দ্বিতীয় স্লিপে এনামুল হক বিজয়ের হাতে ধরা পড়ে শূন্য রানে ফেরেন হেনরি নিকোলস।

দশম ওভারের প্রথম বলে জীবন পান ব্যক্তিগত ১৮ রানে থাকা ল্যাথাম। কিউই অধিনায়ক মোস্তাফিজুর রহমানের বলে প্রথম স্লিপে ক্যাচ দিলেও তা ধরতে পারেননি সৌম্য সরকার।

স্বাগতিকদের স্কোর যখন ১৩.৫ ওভারে ২ উইকেটে ৬৩, তখন দ্বিতীয়বার বৃষ্টির বাধার মুখে পড়ে খেলা। ৪৫ মিনিট পর খেলা আবারো শুরু হয়। ততক্ষণে ম্যাচ ৪০ ওভারে নেমে আসে।

হাসান মাহমুদের করা ১৯তম ওভারের প্রথম বলে দুই রান নিয়ে ল্যাথাম ওয়ানডে ক্যারিয়ারে ৪ হাজার রান পূর্ণ করেন। দ্বিতীয় বলেও নেন দুই রান। এরপরই আবারো নামে বৃষ্টি।

বাংলাদেশের পক্ষে শরিফুল নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ ওভারে ১৮ খরচার ২ উইকেট তুলেছেন।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লাল-সবুজের দলে ফিরেছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন, তারা বিশ্বকাপ দলে ছিলেন না। ছুটি কাটিয়ে ফিরেছেন লিটন দাস। একাদশে জায়গা হয়নি ওপেনার তানজিদ হাসান, পেসার তানজিম হাসান, বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেনের।

বিষয়:ডানেডিন নিউজিল্যান্ড বাংলাদেশ বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে শরিফুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…