বিশ্বকাপের পরেই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। দুই টেস্ট সিরিজের জন্য স্পিন শক্তি বাড়িয়ে ১৫ সদস্যের দল দিয়েছে কিউই নির্বাচক বোর্ড। স্পিনারদের মধ্যে আজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারের সঙ্গে যোগ হয়েছেন রাচীন রবীন্দ্র ও ইশ সোধি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানায়, দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। তবে বিশ্বকাপের অধিনায়ক কেন উইলিয়ামসন দলে থাকবেন। এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের যাত্রা শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
সিরিজে বিশ্রামে থাকবেন প্রধান কোচ গ্যারি স্টেড। তার জায়গায় কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ব্যাটসম্যান লুক রঞ্চি।
চলতি বিশ্বকাপে ভারতের কন্ডিশনে ভালো করায় টেস্ট দলে সুযোগ পেয়েছেন গ্লেন ফিলিপস। স্পিন কোচ হিসেবে আসবেন বাংলাদেশের সাবেক স্পিন পরামর্শক ও সাবেক পাকিস্তানি ক্রিকেটার সাকলায়েন মুশতাক।
২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে।
নিউজিল্যান্ড স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।








