নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য একজন নতুন অধিনায়ক নিয়োগ করতে যাচ্ছে বিসিবি। আঙুলের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের সেরে উঠতে সময় লাগবে। ফলে কিউইদের বিপক্ষেও টেস্ট সিরিজে তিনি থাকছেন না।
এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের যাত্রা শুরু করবে বাংলাদেশ। সাকিবকে ছাড়াই সাদা পোশাকের ক্রিকেটের নতুন অভিযানে টাইগারদের নেতৃত্বে কে থাকবেন, সেটি এখনো নিশ্চিত নয়।
অধিনায়ক পদের জন্য আলোচনায় রয়েছে দুইজনের নাম। ওয়ানডে বিশ্বকাপে সহ-অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের যেকোনো একজনকে নেতৃত্বে দেখা যেতে পারে।
চোটের কারণে ভারতের বিপক্ষে সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছিলেন শান্ত। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিনি টস করতে নামবেন। লাল বলের ক্রিকেটের ভাবনায় তিনি ভালোভাবেই আছেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া মিরাজের ভেতরেও রয়েছে নেতৃত্বগুণ। দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠা টাইগার অলরাউন্ডারকে বিপিএলেও অধিনায়ক হিসেবে দেখা গেছে।








