প্রতিটি সিরিজের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জয়ের আশাবাদ রেখে সিরিজ শুরু করেন। সিরিজের কোনটা হয়তো জেতেন, কোনটাতে একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পান না। নিউজিল্যান্ড সিরিজের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এমন জয়ের আশাবাদ ব্যক্ত করেছিলেন। ম্যাচসেরা শেখ মেহেদী হাসানকে সে কথা স্মরণ করাতেই বললেন, আমরা প্রতিটি সিরিজ জেতার জন্যই খেলি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেহেদীর সহজ স্বীকারোক্তি, ‘দেখেন, কেউ ম্যাচ হারার জন্য খেলে না। হয়তবা ম্যাচের দৃশ্যটা খেলার উপর নির্ভর করে, উত্থান-পতন হয়। আমরা প্রতিটি সিরিজ যখন খেলি, জেতার জন্যই খেলি। সেটা নির্ভর করে ২২ গজে কেমন ব্যাটিং-বোলিং করতেছেন। তবে আমরা সবসময় জেতার জন্যই খেলি।’
‘জিতলে সবার মনোভাব ভালো থাকে। পরের ম্যাচ খেলতে আবার অন্য একটা ভেন্যুতে যাব, সবাই জেতার জন্য নামবে। প্রথমে সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। যত দ্রুত পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারব, টিমের জন্য তত ভালো।’
‘আমি ক্রিকেটে নেতিবাচক বিষয় খুঁজি না। আমার সবকিছু ইতিবাচক আসছে। খেলার মধ্যে নেতিবাচক কোনকিছু দেখি না।’ পরের ম্যাচে কোন কোন নেতিবাচক বিষয়গুলো এড়াতে চাইবেন এমন প্রশ্নে বললেন স্পিনিং অলরাউন্ডার।
২৯ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইতে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিটি হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।







