ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি লড়াইয়ে প্রথমটিতে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। কিংস অ্যারেনায় খেলা গড়াবে সন্ধ্যা ৬টায়। আগেরদিন নিজেদের প্রস্তুতি ভালো বলে জানিয়েছেন টাইগারদের কোচ হাভিয়ের ক্যাবরেরা। সফরকারী মালদ্বীপের বিপক্ষে সেরাটা দিতে চায় বাংলাদেশ।
মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বললেন, ‘সত্যি কথা বলতে, প্রস্তুতি বেশ ভালো হয়েছে। আমরা বেশকিছু সময় ধরে অনুশীলন করেছি এবং এফসি ফর্টিসের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি, যার ফলাফলও ভালো হয়েছে। ম্যাচগুলো আমাদের প্রস্তুতির জন্য ভালো হয়েছে।’
‘মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। খেলোয়াড়দের মধ্যেও ইতিবাচক প্রবণতা রয়েছে। তাদের মধ্যে আগামীকালের ম্যাচের জন্য আত্মবিশ্বাস রয়েছে এবং তাদের মধ্যে ভালো খেলার ক্ষমতাও রয়েছে। আমরা ভালো পারফরম্যান্স দিতে চাই।’
অধিনায়ক তপু বর্মণ জানালেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো। কারণ এ দুইটা ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কোচ প্রায় সব কথা আগেই বলে দিয়েছেন। আমাদের যা করণীয় এবং মাঠের কাজ কী সেটা করে দেখাতে হবে। আমি দলের সবার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখছি।’
‘অনূর্ধ্ব-২০ এবং মেয়েদের সাফ চ্যাম্পিয়ন দলকে আমি অভিনন্দন জানাতে চাই। তারা খুবই ভালো পারফরম্যান্স করেছে বাংলাদেশের জন্য। এবার আমাদের সুযোগ কিছু করে দেখানোর। আমাদের এখানে ভালো ফলাফল করতে হবে, দলের সবাই এ কথাই বিশ্বাস করে। কারণ আমাদের লক্ষ্য এএফসিতে ভালো করতে চাই।’








