প্রথমবার ঘরের মাঠে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ নারী দল। মালয়েশিয়ার বিপক্ষে বৃহস্পতিবার ও ২৬ জুন কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচে নামবে লাল-সবুজের দল।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েরা আছে ১৪৬তম স্থানে, মালয়েশিয়া ৮৫তে। প্রতিপক্ষের চেয়ে ৬১ ধাপ পিছিয়ে থাকার পরও ভালো ফলাফল করে র্যাঙ্কিংয়ে উন্নতির কথা বলেছেন বাঘিনীদের অধিনায়ক সাবিনা খাতুন।
বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে সাবিনা বললেন, ‘র্যাঙ্কিং আসলে কিছু কিছু সময় ম্যাটার করে। আবার কিছু কিছু সময় করে না। আমাদের মনে হয় মাঠের পারফরম্যান্সটাই আসলে ম্যাটার। যেহেতু আমাদের র্যাঙ্কিংয়ে ফেরার একটা বড় সুযোগ আছে, সেদিকেই আমাদের দৃষ্টি থাকছে।’
‘দুইটা খেলাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দৃষ্টি থাকবে, দেশের মানুষকে ভালো ফুটবল উপহার দিয়ে ভালো র্যাঙ্কিংয়ে ফিরে আসার।’
ম্যাচের জন্য দল সবদিক থেকেই প্রস্তুত জানালেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন। এবার মেয়েদের মনস্তাত্ত্বিক বিষয় নিয়েও কাজ হয়েছে বললেন।
‘গত ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট যেটা হয়েছিল, সেই দলের খেলোয়াড়, জামশেদপুরে অনূর্ধ্ব-১৮ সাফ টুর্নামেন্টের খেলোয়াড় এবং কিছু সিনিয়র খেলোয়াড়দের নিয়ে আমাদের প্রস্তুতি শুরু করি।’
‘মেয়েদের মনস্তাত্ত্বিক বিষয়ে বেশি জোর দেয়া হয়েছে। উজবেকিস্তানে আমরা জর্ডান ও ইরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার পর ছোট ছোট ভুলের ব্যবধান বেড়ে যায়। সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। মনে করি, দল এখন ভালো অবস্থায় আছে। তারা খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।’
র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশকে যথেষ্ট সমীহ করছে মালয়েশিয়া। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশাই করছেন সফরকারী অধিনায়ক স্টেফি স্টেফি সার্জ কৌর ও কোচ জ্যাকব এম জে জোসেফ।
অধিনায়ক স্টেফি বললেন, ‘অনূর্ধ্ব-১৯ দলটা ভারতকে হারিয়েছিল। মনে করি, বাংলাদেশ নারী দলকে মোটেও খাটো করে দেখা যাবে না। তারাও শক্তিশালী দল, ভালো প্রস্তুতি নিয়েছে। আশা করি কালকের ম্যাচে সামর্থ্য অনুযায়ী খেলব।’
কোচ জোসেফ বললেন, ‘র্যাঙ্কিংয়ে কিছুই আসে যায় না। বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। তাদের অনূর্ধ্ব-১৯ দলের খেলা দেখেছি। তারা ভারতকে হারিয়েছিল। ভারত শক্তিশালী দলগুলোর একটি। আমার দৃষ্টিতে ভারতকে হারানোর মানে দাঁড়ায় বাংলাদেশ অবশ্যই শক্তিশালী দল।’








