জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা সব খেলাকেই সমান গুরুত্ব দেয়ার কথা বলেছেন। সোমবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি’ টুর্নামেন্টের চতুর্থ আসরপূর্ব সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি। জাতীয় সংসদের হুইপ ক্রিকেটের মতো অন্যান্য খেলাকেও সমান গুরুত্ব দিয়ে তুলে ধরার কথা বলেন সাংবাদিকদের উদ্দেশ্যে। কথা বলেছেন বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়েও।
টাইগারদের বিশ্বকাপ দল কেমন লেগেছে প্রশ্নে মাশরাফী বলেন, ‘আমি তো দলই জানি না। দল নিয়ে আপনার যেমন আশাবাদ, সাধারণ মানুষের যা, তার বাইরে নিশ্চয় আমারও না। আমরা সবাই চাই বাংলাদেশ দল ওখানে ভালো খেলুক, জিতুক।’
ক্রিকেটের মতো কাবাডিতেও জৌলুশ আনা প্রসঙ্গে নড়াইল এক্সপ্রেস বললেন, ‘খেলাধুলা এমন একটি বিষয় যেখানে বিনিয়োগ প্রয়োজন। খেলাধুলা এমনি এমনি হবে না। বিনিয়োগ করতে হলে সেখানে আপনাদের ফোকাস থাকতে হবে। স্পন্সরশীপসহ সবকিছুর সমন্বয় হলে সেই খেলাটি আস্তে আস্তে মূল্য বেড়ে যাবে। যদি বিনিয়োগ ঠিক থাকে তবে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়বে, তখন তৃণমূল থেকে খেলোয়াড় উঠে আসবে। ক্রিকেটের বাইরে আমাদের অন্যান্য খেলাগুলোয় অর্থের অভাব আছে বলেই অন্যান্য ফেডারেশনের এ অবস্থা।’
অন্যান্য ফেডারেশনে নেতৃত্ব সংকট আছে, সেখানে আপনি এগিয়ে আসবেন কিনা? মাশরাফী বললেন, ‘আমি তো সব খেলার দায়িত্ব নিতে পারবো না। নেতৃত্ব সংকটও না, আমি জানি না কোথায় সংকট। আমি খোলা চোখে বাইরে যা দেখছি সেটা নিয়ে বলছি। আজকে কাবাডি ফেডারেশনের অনুষ্ঠানে আপনাদের এত মানুষ দেখে আমার ভালো লাগছে। তার মানে আপনাদের আগ্রহ আছে। এখন আগ্রহ অন্যান্য খেলায় নেই কেন সেগুলোর কারণ বের করে কাজ করা জরুরি।’
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টকে মহাদেশীয় পর্যায়ে সম্প্রসারণ করতে এবারও এশিয়ার বাইরে ইউরোপ-আফ্রিকা মহাদেশের একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ১২টি দল অংশ নিচ্ছে। শুরুতে দু-গ্রুপে ভাগ হয়ে ২৬মে থেকে কোর্টে খেলা গড়াবে। দু-গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে মুখোমুখি হবে। তারপর ফাইনাল। শিরোপার মঞ্চ দিয়ে ৩ জুন টুর্নামেন্ট শেষ হবে।
ইউরোপ মহাদেশ থেকে পোল্যান্ড, আফ্রিকা মহাদেশ থেকে কেনিয়া ও উগান্ডা এবং এশিয়া মহাদেশ থেকে জাপান, সাউথ কোরিয়া, মধ্যপ্রাচ্যের ইরাক, আসিয়ানের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সাউথ এশিয়ার নেপাল, শ্রীলঙ্কা আর স্বাগতিক বাংলাদেশ অংশ দিচ্ছে টুর্নামেন্টে।
শুরুর আসর থেকে অপরাজিত হ্যাটট্রিক শিরোপাধারী বাংলাদেশ খেতাব ধরে রাখতে লড়বে। টুর্নামেন্টের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।









