বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮১ মিলিয়ন ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ। ডিসেম্বরে আইএমএফ এর বোর্ড মিটিং শেষে এই ঋণ ছাড় হবে বলে প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের।
আইএমএফ স্টাফ মিশনের সর্বশেষ বৈঠক শেষে এই কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।
আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৪ অক্টোবর থেকে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার তারা অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে, যাদের সঙ্গে আজ বৃহস্পতিবারও আলোচনা করবে। এবার প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর নিয়ে যে প্রতিবেদন দেবে, সেটিই সংস্থাটির আগামী ডিসেম্বরে পর্ষদ বৈঠকে বিবেচিত হবে। ওই বৈঠকে অনুমোদিত হলেই মিলবে দ্বিতীয় কিস্তির অর্থ।
আইএমএফ চলতি বছরের ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ঋণ প্রস্তাব অনুমোদনের তিন দিনের মাথায় ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তিতে ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার ছাড় দেয়।








