আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে লিটনদের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে স্বাগতিকদের সামনে ১৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে সফরকারীদল।
শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে আয়ারল্যান্ড।
ব্যাটে নেমে দুর্দান্ত শুরু করে আইরিশ ব্যাটাররা। ওপেনিং জুটিতে পল স্টার্লিং ও টিম টেক্টর মিলে যোগ করেন ২৮ বলে ৫৭ রান। ৪.৪ ওভারে জুটি ভাঙেন তানজিম সাকিব। ৩ চার ও ২ ছক্কায় ১৪ বলে ২৯ রান করে ফেরেন পল স্টার্লিং।
নবম ওভারে জোড়া সাফল্য পান শেখ মেহেদী, টিম টেক্টর ও হ্যারি টেক্টরকে আউট করেন তিনি। টিম ফেরেন ৪টি চার ও ২ ছক্কায় ২৫ বলে ৩৮ রান করে এবং ১১ বলে ১১ রান করেন হ্যারি।
মেহেদীর তৃতীয় শিকার হন আইরিশ ব্যাটার বেন ক্যালিৎজ, সাজঘরে ফিরেন ৯ বলে ৭ রান করে। পঞ্চম উইকেট জুটিতে ৪৪ বলে ৫৬ রান করেন লোরকান টাকার এবং জর্জ ডকরেল। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে আউট হন ডকরেল, করেন ২১ বলে ১৮ রান। শেষ বলে রান আউট হন টাকার, ৪টি চারে ৩২ বলে করেন ৪১ রান।
টাইগারদের হয়ে ৩টি উইকেট পেয়েছেন মেহেদী এবং ১টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব এবং সাইফউদ্দিন।








