এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিরুদ্ধে ১-০ গোলের দারুণ জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং তার অভিনন্দন বার্তা জানান।
মঙ্গলবার ঢাকায় ফুটবলপ্রেমী দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে অর্জিত জয়টি ২২ বছর পর ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের প্রথম জয়।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি কেবল একটি ফুটবল ম্যাচের জয় নয়; এটি লক্ষ লক্ষ তরুণ-তরুণী, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে, তাদের জন্য অনুপ্রেরণা। জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটি জয় এক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।’
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই জয় বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে। বলেন, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে এবং আশা প্রকাশ করেন আগামীদিনের সরকারগুলো এই ধারা অব্যাহত রাখবে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ১-০ গোলের জয়ে পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে তলানিতে ভারত। ম্যাচে জয় পেলেও এশিয়ান কাপে খেলার দৌড় থেকে আগেই ছিটকে গেছে লাল-সবুজের দলটি।








