সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল গড়াতে চলেছে শনিবার। আসরের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। ভুটানে বাংলাদেশ সময় বিকেল ৬টায় গড়াবে লড়াই। পাকিস্তান পরীক্ষা সামনে রেখে ভালো প্রস্তুতি সেরে নিয়েছে নাজমুল হুদা ফয়সালের দল।
‘এ’ গ্রুপ থেকে দুই ম্যাচ খেলে এক জয় ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে নকআউটের টিকিট কাটে বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে ছিটকে যায় মালদ্বীপ। বাংলাদেশের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে খেলছে ভারত। ২ ম্যাচে ৬ পয়েন্ট তাদের।
বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপ রানার্সআপ হয়েছে নেপাল। দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট আদায় করেছে তারা।
একইদিনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নেপাল। বিকেল ৪টায় গড়াবে লড়াই। ৩০ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।








