ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ফলো-অনও এড়াতে পারেনি বাংলাদেশ। ১৪৯ রানে অলআউট হয়ে যায় টিম টাইগার্স। নাজমুল হোসেন শান্তদের ফলো-অন না করিয়ে ২২৭ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। দ্বিতীয় দিন শেষে তিন শতাধিক রানের লিড নিয়েছে তারা। বাংলাদেশের সামনে আরও ১২০-১৫০ রানের চ্যালেঞ্জ যোগ করতে চায় স্বাগতিক দল।
চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ রান করে তারা। জবাবে নেমে ১৪৯ রানে থেমে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে নেমে ৩ উইকেটে ৮১ রান তুলে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সামনে ৩০৮ রানের লিড দাঁড় করিয়েছে দলটি।
ম্যাচ শেষে ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সামনে সাড়ে চারশোর রানের লক্ষ্য দেয়ার কথা জানিয়েছেন রবীন্দ্র জাদেজা। বলেছেন, ‘আমাদের ভালো ব্যাটিং করতে হবে। এখান থেকে আমাদের আরও ১২০-১৫০ রানের কাছাকাছি যোগ করতে হবে। তখন আমরা ভালো একটা অবস্থায় থাকব এবং বোলিংয়ে নেমে তাদেরকে যত দ্রুত সম্ভব অল আউট করে দিতে হবে।’
চেন্নাইয়ের উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাওয়ার কথা থাকলেও প্রথম দুইদিনে দাপট দেখিয়েছেন পেসাররা। লাল মাটির উইকেট হওয়ায় বাড়তি বাউন্সও পাওয়া যাচ্ছে। ব্যাটারদের জন্য উইকেটে এখনও সুবিধা থাকলেও তাদের জন্য কাজটা যে সহজ নয় সেটা মনে করিয়ে দিয়েছেন ভারত অলরাউন্ডার।
বলেছেন, ‘ব্যাটিং করার জন্য উইকেটটা ভালো কিন্তু পেসারদের জন্য এখনও কিছু সুবিধা আছে। কিছু বল সিম করছে আবারও কিছু বল সুইংও করছিল। ব্যাটারদের জন্য কাজটা একেবারে সহজও নয়। পেসাররা যদি সঠিক জায়গা ধরে রাখতে পারে তাহলে উইকেট থেকে সুবিধা পাবে।’








