লাতিন-বাংলা সুপার কাপে বাংলাদেশের হয়ে অংশ নেবে রেড গ্রিন ফিউচার স্টারস নামের বয়সভিত্তিক একটি দল। দলে বা বাংলাদেশের কোন প্রতিযোগিতায় প্রথমবার জায়গা পেয়েছেন ফুটবল ফেডারেশনে (বাফুফে) ট্রায়াল দিয়ে যাওয়া বিতোশেক চাকমা। দুই অতিথি দলের বিপক্ষে ভালো খেলা উপহার দিতে চান এ স্ট্রাইকার।
প্রথমবার দলে ডাক পেয়েই অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছেন বিতোশেক। রোমাঞ্চের কথায় বললেন, ‘এই আসর নিয়ে আমি খুব শিহরিত। আশা করি ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে আমরা ভালো খেলা উপহার দিতে পারব।’
‘ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই ম্যাচেই আমরা সেরাটা দেয়ার চেষ্টা করবো। জানি ম্যাচ সহজ হবে না, আশা করছি ভালো কিছু উপহার দিতে পারবো।’
বাংলাদেশের লক্ষ্য নিয়ে কোচ এসএম কায়েস বললেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনার দল দুটি সম্পর্কে আমরা তেমনকিছুই জানি না। তবে লাতিন ফুটবলের সাথে পরিচয় হতে আমাদের ফুটবলারদের জন্য এটি দারুণ সুযোগ। ছেলেরা অনেককিছু শিখতে পারবে বলে আশা করছি। আমরা যতটা ভালো করতে পারি সেই লক্ষ্য থাকবে।’
লাতিন-বাংলা সুপার কাপে প্রথম ম্যাচে লড়বে ব্রাজিলের ক্লাব সাও বের্নার্দো এবং বাংলাদেশের দল রেড গ্রিন ফিউচার স্টারস। খেলা ঢাকা জাতীয় স্টেডিয়ামে। শুরু শুক্রবার সন্ধ্যা ৭টায়। খেলার দিন স্টেডিয়াম বুথ থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।








