মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ মেয়েদের ফুটসাল দল। দ্বিতীয় ম্যাচে ভুটানের মেয়েদের বিপক্ষে ৩-৩ গোলে ম্যাচ ড্র করেছে লাল সবুজের প্রতিনিধিরা। খেলার শেষার্ধের দুই গোল বাংলাদেশকে এক পয়েন্ট পেতে সাহায্য করেছে। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও গোলের দেখা পেয়েছেন অধিনায়ক সাবিনা ও ফরোয়ার্ড সুমাইয়া মাতসুশিমা।
ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যায় ভুটান। পঞ্চম মিনিটে ডেকি লাজম এর গোল ভুটানকে লিড এনে দেন। তবে দুই মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি ভুটান, সুমাইয়া মাতসুশিমা দুর্দান্ত গোলে ১-১ সমতায় আসে বাংলাদেশ। পরে প্রথমার্ধ শেষ হয় ওই ১-১ গোলের ব্যবধান নিয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য আবারও এগিয়ে যায় ভুটান। ২৭ ও ৩০ মিনিটে সোনাম লামো টানা দুই গোল করে ভুটানকে ৩-১ গোলের লিড এনে দেন। তবে হাল ছাড়েনি বাংলাদেশ, ম্যাচে ফিরতে মরিয়া হতে থাকে সাবিনা-সুমাইয়ারা। সাফল্য আসে ৩৫ মিনিটে, সাবিনা খাতুনের একক নৈপূন্যের দুর্দান্ত গোলে ব্যবধান কমে হয় ২-৩ গোলের।
মাত্র এক মিনিট পর দলকে আনন্দের উপলক্ষ্য এনে দেন ডিফেন্ডার মাসুরা পারভিন। ৩৬ মিনিটে গোল করে বাংলাদেশ ম্যাচে আবারও ৩-৩ গোলের সমতা আনেন। ম্যাচের বাকি সময়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও আর কোনো গোল হয়নি। পরে ৩-৩ গোলের ড্র’তে এক পয়েন্ট করে নিশ্চিত হয় দুদলের।
এ ম্যাচেও দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশ দলের গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি। পুরো ম্যাচজুড়ে চোখজুড়ানো পারফরম্যান্স দেখান গোলকিপার। ভুটানের একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দলকে ম্যাচে টিকে থাকতে বড় ভূমিকা রেখেছেন ঝিলি। ভারতেও বিপক্ষেও চোখ জুড়ানো পারফরম্যান্স ছিল তার।








