এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৬টি ব্যাংককে ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে ব্যাংকগুলো আর কোন গ্রাহককে ঋণ সুবিধা দিতে পারবে না।
বিধিনিষেধের আওতায় থাকা ব্যাংক গুলো হচ্ছে: ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংক।
বিধিনিষেধ সংক্রান্ত বিষয়টি এরই মধ্যে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে কেন্দ্রীয় ব্যাংককের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না। আগের ঋণ নবায়নও করতে পারবে না। তবে কৃষি, চলতি মূলধন, এসএমই, আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। পাঁচ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।
অভিযোগ রয়েছে এসব ব্যাংক থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়ে গেছে এস আলম গ্রুপ। যার বড় অংশই বিদেশে পাচার করা হয়েছে। গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হবার পর ব্যাংকিং খাতের ক্ষত গুলো সামনে আসতে শুরু করেছে।








