গত বছর যুব এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবারও জুনিয়র টাইরগারদের সামনে সুযোগ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার। গতবার সেমিফাইনালে ভারতকে বিদায় করলেও এবার শিরোপা নির্ধারণী মঞ্চে তাদের প্রতিপক্ষ সেই ভারত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার শিরোপা ধরে রাখার অভিযানে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে মাঠের লড়াই।
যুব এশিয়া কাপের সবশেষ ১০ আসরের মধ্যে ৭ বার এককভাবে ও একবার পাকিস্তানের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন ভারত। এবারও রয়েছে দারুণ ছন্দে, বলা যায় ফাইনালে ফেবারিট হিসেবই থাকবে তারা। তবে ছেড়ে কথা বলবে না বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশও।
ম্যাচের আগে বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি, দলগত ভারসাম্য। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ছন্দে আছেন আজিজুল হাকিম তামিমের দল। সেমিতে পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে দলগত পারফরম্যান্সের সম্মিলনে। তবে ভারতের সঙ্গে সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ জিতেছে দুটি, ভারত তিনটি।
চলতি আসরে ভারত নিজেদের চার ম্যাচের মধ্যে হেরেছে একটি ম্যাচে। সেটিও পাকিস্তানের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে। অন্যদিকে শ্রীলঙ্কার সঙ্গে হারলেও বাকি সব ম্যাচেই জয় নিয়েই ফাইনালে উঠেছে টিম টাইগার্স।








