অস্ট্রেলিয়াকে চমকে দিতে প্রস্তুত বাংলাদেশ
মেয়েদের ওয়ানডে সিরিজ

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে কাল মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। অজিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে অস্ট্রেলিয়ার মাঠে কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি টাইগ্রেসদের। অস্ট্রেলিয়া বিশ্ব সেরা দল হলেও সিরিজে ভালো করার প্রত্যাশা বাংলাদেশের।
শুক্রবার সকালে অ্যালান বোর্ডার ফিল্ড স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বেশ উৎফুল্ল বাংলাদেশ নারী দল।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘এখানে এসে বেশ ভালো লাগছে। আপনারা জানেন যে, ভিন্ন পরিস্থিতিতে খেলা সবসময়ই বেশ চ্যালেঞ্জিং হয়। দলকে বেশ ভালো দেখাচ্ছে, আমরা একটি প্রস্তুতি ম্যাচও খেলেছি। তাই আমরা কাদের মুখোমুখি হতে যাচ্ছি, সে সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। এটি একটি দলীয় খেলা। আমরা কেবল নিজেদের মেলে ধরতে চেয়েছিলাম।’
‘আমরা সত্যিই বিশ্বাস করি যে, আমরা দল বা একক ইউনিট হিসেবে খেলতে পারি। কারণ আমরা যা বিশ্বাস করি তা হল, আমরা এমন একটি দল যারা একসঙ্গে দল হিসেবে খেলে এবং একটি ইউনিট হিসেবে পারফর্ম করলে যেকোনো দলকেই চমকে দিতে পারি।’
নতুন কোচ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘কোচ কেবলই আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আমার মনে হয় গত দুটি আসর ধরে আমরা ওনার সাথে কাজ করছি, খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। তবে হ্যাঁ, আমরা ভালোভাবেই কাজ করছি।’
অস্ট্রেলিয়ার নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের ওপর নজর আছে কিনা এমন প্রশ্নে জ্যোতি বলেন, ‘দেখুন, তারা সেরা দল, আমরা সবাই তা জানি। কিন্তু আমরা আসলে দেখতে চাই যে, আমরা তাদের বিপক্ষে ঠিক কী ধরনের মনোভাব নিয়ে খেলছি। কারণ আমার মনে হয় নির্দিষ্ট দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খুব ইতিবাচক হতে হবে এবং তাদের বিপক্ষে ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামতে হবে। আমরা অবশ্যই তাদের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলব।’




