বিশ্বকাপে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সেমিতে প্রতিপক্ষ জানা হয়ে গেছে তাদের। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। অজিদের জন্য নিয়মরক্ষার হলেও ম্যাচটি গুরুত্বপূর্ণ টাইগারদের সামনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার জন্য বাংলাদেশের অবশ্য এই ম্যাচে ভালো খেলতে হবে। ম্যাচের আগে অবশ্য টাইগাদের বন্দনা করেছেন অজিদের বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে মাঠেই লড়াই।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সাবেক শিষ্যদের বন্দনা করেছেন ভেট্টরি। বলেছেন, ‘বাংলাদেশ দলে অধিনায়ক সাকিব আল হাসানের না থাকা একটি বড় ফ্যাক্টর। তবে দলে মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রয়েছে যারা বেশ অভিজ্ঞতা সম্পন্ন বিশ্বকাপে তাদের প্রচুর রান করার অভিজ্ঞতা রয়েছে। এবং আমরা আশা করছি এ ম্যাচে মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী দুজনেই খেলবে।’
‘মেহেদী আমার অন্যতম প্রিয় একজন ক্রিকেটার। ওই ছোট মেহেদী (শেখ মেহেদী), বড় মেহেদী নয়। আমার মনে হয় সে দুর্দান্ত একজন বোলার। দুই মেহেদীই বেশ ভালো বোলার। তারা যদি সুযোগ পায়, ভালো বল করবে এবং একদিনের ক্রিকেট তা অনেকটা কার্যকর। এক্ষেত্রে টস খুব বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে না। উইকেট বেশ স্লো থাকবে এবং আমরা সম্ভবত স্পিনের মহড়া দেখব।’
বিশ্বকাপে ৮ ম্যাচ খেলা বাংলাদেশের টেবিলে অবস্থান আটে। আসরের উদ্বোধনী ম্যাচে তারা হারিয়েছিল আফগানিস্তানকে। সবশেষ শ্রীলঙ্কাকে হারিয়েছে সাকিব আল হাসানের টিম টাইগার্স। অজিরা ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে।








