রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে গেলেও নিজের ভুল থ্রো ঘিরে বেশি আলোচনায় আছেন আকবর আলী। দেশে ফিরে বাংলাদেশ ‘এ’ অধিনায়ক স্বীকার করলেন, এমন ভুলের কোন ব্যাখ্যাই নেই তার কাছে। এধরনের ভুল ১২ বছরের কোন ক্রিকেটারও করবেন না, মনে করেন তিনি।
সেমির শেষ বলে ভারতের দরকার ছিল ৪ রান। হার্শ দুবের লংঅনের দিকে মারা শটটি সহজেই ধরেছিলেন জিশান আলম। সেখান থেকে বলে ফেরত আসে আকবরের হাতে। ব্যাটাররা দুই রান নেয়ার পরও রানআউটের সুযোগ ছিল। কিন্তু আকবর বল হাতে পৌঁছে স্টাম্প ভাঙার বদলে একটু দূর থেকে থ্রো করেন, বলের গতিমুখে কোন ফিল্ডারই ছিলেন না। সুযোগ পেয়ে ভারতীয় ব্যাটাররা নেন অতিরিক্ত আরেকটি রান, তাতে ম্যাচ সুপার ওভারে চলে যায়।
মঙ্গলবার সকালে কাতার থেকে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। পরে গণমাধ্যমে আকবর বলেছেন, ‘আসলে ওই মুহূর্তে কী হয়েছে নিজেও জানি না, ওটা কেন করেছি সেটার আসলে কোন ব্যাখ্যাও নেই আমার কাছে। ওটা জাস্ট হয়ে গিয়েছে। কিন্তু যে ভুলটা করেছি ওটা বলব যে, অনূর্ধ্ব-১২ এর বাচ্চাদেরও ভুল না।’
‘আসলে এটাই বললাম যে, এটার কোন ব্যাখ্যা নেই আসলে আমার কাছে। মনে হয়েছে যে একটা ভুল করেছি এবং সরি বলেছিলাম ম্যাচ শেষে সবাইকে।’
ভারতের বিপক্ষে সেমিফাইনালে সুপার ওভারে গড়ায় ম্যাচ। জিতে ফাইনালে পাকিস্তানের সঙ্গে ম্যাচ টাইয়ের পর সুপার ওভারেই হেরে বসে টিম টাইগার্স। আকবর বললেন, ‘আমার মনে হয় না যে সুপার ওভারে কোন টিমই এরকম অভ্যস্ত। কারণ সুপার ওভার আপনার হয়ই কালেভদ্রে। কিন্তু এটা খুবই রেয়ার কেস যে আমরা টানা দুটা ম্যাচ সুপার ওভার খেলেছি।’
‘সুপার ওভারে যখন যাবেন, শটস খেলতেই হবে। সেটা ভারতীয়রা বলুন, আমরা বলুন, পাকিস্তান বলুন, যারাই যাবে শটস খেলতেই হবে। এখন ওখানে আপনাকে হাই-রিস্ক শটই খেলতে হয় স্বাভাবিক। অনেক সময় দেখা যায় যে ক্লিক করে, অনেক সময় ক্লিক করে না। আমি এইভাবেই দেখছি আসলে ব্যাপারটাকে।’








