চোটে ছিটকে গেছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের সঙ্গে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমবার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নামছে টিম টাইগার্স। অলিখিত ফাইনালে সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাল-সবুজের ১৭তম ওয়ানডে অধিনায়ক মিরাজ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু মাঠের লড়াই। সিরিজের আগের দুই ম্যাচের মতো শেষটিও একই ভেন্যুতে হচ্ছে। একাদশে এসেছে দুই পরিবর্তন।
দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়েছেন শান্ত। সিরিজ নির্ধারণী ম্যাচে অধিনায়ককে না পাওয়ার বিষয়টি সোমবার দুপুরের নিশ্চিত হয়ে যায়। শান্তর জায়গায় একাদশে এসেছেন জাকির হাসান। অভিষেক হল পেসার নাহিদ রানার। তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে এসেছেন তিনি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে গিয়েছিল আফগানিস্তান। বাঁচা-মরার দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা টেনেছে নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় ও শেষ ম্যাচ পরিণত হয়েছে অলিখিত ফাইনালে।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিত রানা ও শরিফুল ইসলাম।







